২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ডুবো চরে আটকে গেছে ঢাকাগামী স্টিমার, যাত্রীদের দূর্ভোগ চরমে

বরিশালের হিজলা উপজেলার মেঘনার কাউনিয়ার চর নামক স্থানে ঢাকাগামী যাত্রীবাহী সরকারি স্টিমার পি.এস. মাসুুদ পাঁচ থেকে সাতশ যাত্রী নিয়ে শনিবার রাত ৮টার দিকে ডুবো চরে আটকা পড়ে যায়।.শেষ খবর পাওয়া পর্যন্ত স্টিমারটি উদ্ধার করা সম্ভব না হওয়ায় সাধারণ যাত্রীদের দূর্ভোগ চরমে উঠেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 05:25 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশাল স্টিমার ঘাট থেকে আনুমানিক পাঁচ থেকে সাতশ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে স্টিমারটি ছেড়ে যায়। মেঘনার কাউনিয়ার চর নামক স্থানে পৌঁছানোর পর ডুবো চরে স্টিমারটি আটকা পড়ে। রাতেই কিছু সংখ্যক যাত্রীকে চাঁদপুরে পৌঁছে দেওয়া হয়। অবশিষ্ট যাত্রীরা রোববার সকালে লঞ্চ ভাড়া করে বরিশাল ও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পি.এস মাসুদ স্টিমারটিকে উদ্ধারের জন্য ঢাকায় ৩৯৫ উদ্ধারকারী জাহাজকে তলব করা হয়েছে।

নদীতে পানি কমে যাওয়া ও স্টিমার কর্তৃপক্ষের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে যাত্রীরা দাবী করেন। এ এলাকার নৌ--পথে আলোক সংকেত ব্যবস্থা না থাকার কারণে প্রায় সময়ই ঢাকাগামী লঞ্চ -- স্টিমার ডুবো চরে আটকা পড়ার ঘটনা ঘটে।

বরিশাল বিআইডব্লিউটিএ’র ম্যানেজার খালেদ শাহনেওয়াজ জানান, ঢাকা থেকে উদ্ধারকারী জাহাজ এসে পৌছানোর কথা। এরই মধ্যে বরিশাল থেকে একটি দল ঘটনাস্থলে গেছে। তবে জোয়ারের পানি না আসা পর্যন্ত স্টিমারটি উদ্ধার করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।