২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর সমুদ্র বন্দর প্রতিষ্ঠায় জাপানি সহযোগিতা নির্ভর করছে এর অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাবের ওপর

জাপান বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর প্রতিষ্ঠায় সহযোগিতা দেওয়ার আগে সম্ভাব্যতা জরিপের মাধ্যমে অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করে নেবে। জাপান দূতাবাসের এক কর্মকর্তা শনিবার একথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 05:07 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

কর্মকর্তাটি জানান, সম্প্রতি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো আসোর বাংলাদেশ সফরকালে আলোচনায় গভীর সমুদ্র বন্দর প্রতিষ্ঠার বিষয়টি অর্থনৈতিক দিক দিয়ে গুরুত্ব পায়। এ প্রকল্পের ফলে যারা ক্ষতিগ্রস্ত হবে সেইসব লোকজনের ক্ষতিপূরণসহ সমুদ্র বন্দর প্রতিষ্ঠার বিস্তারিত সম্ভাব্যতা জরিপ করার পরই সহযোগিতার বিষয়টি বিবেচনা করবে জাপান।

জাপান দূতাবাসের উন্নয়ন সহযোগিতা এবং অর্থনীতি বিষয়ক কাউন্সেলর মাসামি তামুরা বলেন, সম্ভাব্যতা জরিপের ব্যাপারে বাংলাদেশ সরকারের প্রতিশ্র“তি থাকতে হবে।

রাজধানীতে রোববার জাপান সার্ক সহযোগিতা শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আগে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। আন্তর্জাতিক সম্মেলনে সার্কভূক্ত দেশগুলোর বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন।

জানা গেছে, জাপান দূতাবাসের মাধ্যমে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডি সেন্টার এই সম্মেলনের আয়োজক।

জাপান স্টাডি সেন্টারের পরিচালক অধ্যাপক আতাউর রহমান এবং প্রভাষক আব্দুল্লাহ আল মামুন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।