লেবানন থেকে প্রাণ নিয়ে ফিরলেন ১৩২ জন বাংলাদেশী (সংশোধিত)
যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে প্রাণ নিয়ে দেশে ফিরে এসেছেন ১৩২ জন বাংলাদেশী। ইত্তিহাদ ও কাতার এয়ারওয়েজের দুটি ফ্লাইটে রোববার ভোরে এই যাত্রীরা দেশে ফেরেন।
সরেজমিনে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে দেখা যায়, ফিরে আসা প্রবাসী বাংলাদেশীদের চোখে - মুখে ছিল যুদ্ধাতঙ্ক। কপর্দকশূন্য, স্বজনবিচ্ছিন্ন, হতাশাগ্রস্তদের অনেকরই চোখ ছিল অশ্র“সজল।
বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়, আরো ১৫০ জন বাংলাদেশী দেশে ফেরার জন্য দুবাই, দামেস্ক এবং কাতারে অপেক্ষা করছেন। যে কোনো ফ্লাইটের টিকিট পেলেই তারা দেশে ফিরবেন।
জানা যায়, তীব্র টিকিট সংকটের কারণে ভাগ্যাহত প্রবাসী বাংলাদেশীদের দেশে ফেরা বাধাগ্রস্ত হচ্ছে। লেবানন প্রবাসী বাংলাদেশীদের নিয়ে কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি রোববার সকাল সাড়ে ৭ টায় এবং ইত্তিহাদ এয়ারওয়েজের অপর ফ্লাইটটি সকাল সোয়া ৮ টায় জিয়া বিমানবন্দরে অবতরণ করলে সেখানে এক করুণ দৃশ্যের অবতারণা হয়।
ফিরে আসা উদভ্রান্ত ও বেদনাকাতর বাংলাদেশীরা জিয়া বিমানবন্দরে সাংবাদিকদের জানান, একেবারে কপর্দকহীন অবস্থায় তারা লেবানন ত্যাগ করেছেন। যুদ্ধবিধ্বস্ত লেবাননে তাদের আত্মীয় বা সহকর্মীদের মধ্যে কে কোথায় আছেন, তারা তা জানেন না।
যাত্রীরা জানান, তারা লেবানন থেকে বাসে করে প্রথমে সিরিয়ার রাজধানী দামেস্ক পৌঁছান। এরপর উড়োজাহাজে করে কাতার হয়ে ঢাকা পৌঁছান।
ইত্তিহাদ এয়ারওয়েজের যাত্রীরা প্রথমে লেবানন থেকে বাসে দুবাই আসেন ও পরে তারাও দামেস্ক হয়ে বিমানে করে জিয়া বিমানবন্দরে পৌঁছান।
প্রবাসী কল্যাণ মন্ত্রী লুৎফর রহমান আজাদ লেবানন ফেরত বাংলাদেশীদের বিমানবন্দরে স্বাগত জানান। এ ছাড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের জন্য বিশেষ কাউন্টারের ব্যবস্থা করে।
লেবানন ফেরত বাংলাদেশীরা জানান, ‘ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন’ (আইওএম) তাদের টিকিটের খরচ ও ৫০ মার্কিন ডলার দিয়ে দেশে পাঠায়। ঢাকা পৌঁছানোর পর বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের জনপ্রতি ৫০০ টাকা করে দিয়েছে।
এ ছাড়া তাদের অনেকেরই পাসপোর্ট নেই বলে তারা জানিয়েছেন। তারা জর্ডান হয়ে অবৈধভাবে লেবানন প্রবেশ করেছিলেন বলে জানা যায়।
জানা গেছে, আরো ১০ থেকে ১২ হাজার বাংলাদেশী লেবানন থেকে দেশে ফেরার অপেক্ষায় দিন গুণছেন।
এদের মধ্যে যাদের পাসপোর্ট নেই তাদের জন্য ট্রাভেল পাসপোর্টের ব্যবস্থা করেছে আইওএম। তবে এদের মধ্যে অধিকাংশ মহিলাদের পাসপোর্ট থাকলেও অধিকাংশ পুরুষের পাসপোর্ট নেই বলে জানা যায়।
লেবানন ফেরত অধিকাংশ বাংলাদেশী নারীর পেশা ছিল গৃহ পরিচারিকার, আর অধিকাংশ পুরুষের পেশা ছিল দিনমজুরী।
ফিরে আসা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নাজমা লেবাননে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করতেন।
তিনি সাংবাদিকদের জানান, তিনি যখন লেবানন ত্যাগ করেন তখন তার স্বামীর সাথে বা অন্য কোনো আত্মীয়ের সাথে তিনি যোগাযোগ করতে পারেননি। লেবাননে তার আতœীয় - স্বজন কে কোথায় রয়েছেন তা জানতে চাওয়া হলে - নাজমা মুষড়ে পরেন।
এদিকে বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশীদের অভ্যর্থনা জানাতে আসা তাদের শত শত আত্মীয় -- স্বজন প্রিয়জনদের জীবিত ফিরে পেয়ে আনন্দে -- উত্তেজনায় কান্নায় ভেঙে পড়েন।
ইমিগ্রেশন অফিসার নাজনীন সুলতানা বিডিনিউজকে জানান, হাজার হাজার বাংলাদেশী তীব্র টিকেট সঙ্কট মোকাবিলা করেই দেশে ফেরার অপেক্ষায় সিরিয়ায় অবস্থান করছেন।
তিনি জানান, শিগগিরই আটকে পড়া আরো ১৫০ জন বাংলাদেশীর দেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
