শেরপুরে প্রশাসনের নাকের ডগায় অবাধে চলছে মাদক ব্যবসা
শেরপুরের বিভিন্ন স্থানে প্রশাসনের নাকের ডগায় অবাধে চলছে মাদক ব্যবসা। সেই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সংখ্যা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয়রা অভিযোগে জানান, শহরের আবাসিক এলাকা, বাস-ট্রাক টার্মিনাল, বাজার, শহরতলী, শ্মশান ঘাট এবং কবরস্থানসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে হেরোইন, গাঁজা, ফেনসিডিল ও মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বেচাকেনা চলে।
প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে এ ব্যবসা চললেও মাদক ব্যবসা নিয়ন্ত্রণকারী গডফাদাররা প্রভাবশালী হওয়ায় তারা বরাবরই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
মাদকের ভয়ানক থাবা শহর থেকে ছড়িয়ে পড়ছে গ্রামাঞ্চলেও। মাদক বিক্রির পয়েন্টগুলোতে তরুণ, যুবক, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার লোকদের আনাগোনা করতে দেখা যায়।
স্থানীয়রা আরও জানায়, জেলা সদরে মদ ও গাঁজা বিক্রির একটি লাইসেন্সধারী দোকান থাকা সত্ত্বেও যত্রতত্র অবাধে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। মদ শুধু বিক্রিই নয়, তৈরিও হচ্ছে অবাধে। মদ তৈরির জন্য রয়েছে কয়েকটি ছোটখাটো কারখানা। এসব কারখানা থেকে পুলিশ মাসোহারা পায় বলে অভিযোগে জানা যায়।
মাদক ব্যবসায়ীরা শেরপুর-ঢাকা মহাসড়ককে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে।
মাদক ব্যবসায়ীর একটি সূত্র জানায়, কিছু অসাধু পুলিশ কর্মকর্তার যোগসাজসে তারা এ ব্যবসা চালিয়ে যাচ্ছে।
