২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে সবচেয়ে কম বিশ্বাসযোগ্য বিভাগ হচ্ছে পুলিশ আর দ্রব্যমূল্য বৃদ্ধি সবচেয়ে বড় উদ্বেগ: পিপিআরসি’র জরিপ

এক জরিপে দেখা গেছে, বাংলাদেশে সবচেয়ে কম বিশ্বাসযোগ্য হচ্ছে পুলিশ বিভাগ আর এবং দ্রব্যমূল্য বৃদ্ধি সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। বেসরকারি উন্নয়ন সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্স সেন্টার (পিপিআরসি)’র শনিবার প্রকাশিত এক জরিপের ফলাফলে এই চিত্র তুলে ধরা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2006, 10:30 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

জরিপের ফলাফল অনুযায়ী জনগণের সাথে অসহযোগিতার পাশাপাশি দুর্নীতির কারণে বিশ্বাসের তালিকায় পুলিশ বিভাগ সবচেয়ে কম বিশ্বাসযোগ্য স্থান পেয়েছে।

বিশ্বাসযোগ্যতার তালিকায় এরপরই এসেছে ব্যবসায়ী শ্রেণী, সরকারি কার্যালয়, রাজনৈতিক দল, রাজনীতিবিদ, সরকারি গণমাধ্যম, স্থানীয় সরকার, এনজিও, বিচার বিভাগ এবং সুশীল সমাজ।

একইভাবে দ্রব্য মূল্যবৃদ্ধি হচ্ছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। এরপরই রয়েছে দারিদ্র্য, দুর্নীতি ও বেকারত্ব।

পিপিআরসি আয়োজিত বাংলাদেশের সুশাসনবিষয়ক এক কর্মশালায় শনিবার ওই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে নেতৃত্ব দেন পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামালউদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিনা আই ওয়ালিক, বাংলাদেশে ডিএফআইডি’র প্রধান ডেভিড উড, এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হুয়া দু, ব্রাক বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. আকবর আলী খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ইমতিয়াজ আহম্মেদ, উন্নয়ন সংস্থা মানুষের জন্য’র নির্বাহী পরিচালক শাহীন আনাম ও অর্থনীতিবিদ রেহমান সোবহান।

ক্রিস্টিনা আই ওয়ালিক তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারকে ওপর থেকে নিচে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তাছাড়া বিভিন্ন খাতে বিকেন্দ্রীকরণ প্রক্রিয়াই কেবল পারে দুর্নীতি হ্রাস করে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে।

হুয়া দু বলেন, দুর্নীতি দূর করার এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রতিটি সরকারি খাতে তথ্য প্রযুক্তি ও ই-গভর্নেন্স চালু করতে হবে। তবে একরাতেই এদেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। এর জন্য প্রয়োজন দীর্ঘ সময়।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সরাকরি খাতগুলোতে তথ্যের অভাবই সুশাসন প্রতিষ্ঠায় প্রধান অন্তরায়। বাংলাদেশ ব্যাংক আর্ধিক প্রতিষ্ঠানগুলোতে সেজন্যই সংস্কার শুরু করেছে।