জিততে পারবে না বলেই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে বিরোধী দল: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার বিরোধী দলের কঠোর সমালোচনা করে বলেছেন, আগামী নির্বাচনে জিততে পারবে না বলে তারা এখন রাজপথে জ্বালাও-পোড়াও ও ধ্বংসাত্মক কর্মসূচির মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে।
তিনি বলেন, বিএনপি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এর একদিন আগেও ক্ষমতা ছাড়া হবে না।
নওগাঁর পতœীতলা উপজেলার জিয়া ময়দানে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় চার দলীয় জোট আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, বিরোধী দল সংসদে স্পীকারকে মারতে চায়, রাজপথে বিশৃংখলা সৃষ্টি করে এবং তারা সবকিছু লুটপাট করে খেতে চায়। বিদেশী পণ্যে দেশ ভরে দিয়ে অর্থনীতিকে ধ্বংস করে দেশকে একটি আশ্রিত বর্জ্যে পরিণত করতে চায়।
তিনি বলেন, ’৯৬ সালে ক্ষমতায় এসে তারা সারা দেশে সন্ত্রাসী ও গডফাদার সৃষ্টি করেছিলো, দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু জোট সরকার ক্ষমতায় আসার পর অর্থনীতির ভিত্তি শক্তিশালী হয়েছে, বিনিয়োগ বেড়েছে, বেড়েছে উৎপাদন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশ থেকে সন্ত্রাস ও নকল নির্মূল করেছি। আগামীতে ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতিও নির্মূল করবো।
সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য আবারো চার দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি স্থানীয় সাংসদের কয়েকটি দাবী পূরণের আশ্বাস দেন।
স্থানীয় সাংসদ শামসুজ্জোহা খানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আলমগীর কবীর, রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু, সাংসদ বেগম সারোয়ারী রহমান, সাংসদ ডা. ছালেক চৌধুরী, সাংসদ শামসুল আলম ও সাংসদ রায়হানা আক্তার রনি।
এর আগে প্রধানমন্ত্রী পতœীতলায় বিডিআর ব্যাটালিয়ন ক্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, পতœীতলা কলেজে ছয়টি বিষয়ে অনার্স কোর্স, জিয়া ময়দান এবং মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন।
