রাষ্ট্রপতির সাথে জাপানি পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাত করেছেন
সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো আসো মঙ্গলবার রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন।
জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশের বিভিন্ন খাতে জাপানের সহযোগিতার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী।
রাষ্ট্রপতি শিক্ষা খাতে দু দেশের নিবিড় সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি আর্থসামাজিক উন্নয়নে ওডিএ’র জন্য এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের সদস্যপদ লাভে বাংলাদেশকে সমর্থন জানানোয় তিনি জাপান সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে রাষ্ট্রপতি তার আস্থা ব্যক্ত করেন এবং নির্বাচনে জাপানি পর্যবেক্ষক দলকে আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতির সাথে জাপানি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকালে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন, রাষ্ট্রপতির সচিব এএফএম সোলায়মান চৌধুরী, রাষ্ট্রপতির প্রেস সচিব এম মোখলেছুর রহমান চৌধুরী এবং জাপান সরকারের ও বাংলাদেশে জাপান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
