চাঞ্চল্যকর ৭ শিশুর বাবা -- মায়ের ডিএনএ পরীক্ষার আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট
আদালত বহুল আলোচিত সাত শিশুর অভিভাবক সাবেক ডিআইজি ও তার স্ত্রীর ডিএনএ পরীক্ষার আবেদন মঙ্গলবার নামঞ্জুর করেছেন।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট এলিনা খান গত ১৮ জুলাই ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে আবেদন করলে ২৩ জুলাই শুনানী শেষে বিচারক মঙ্গলবার এই রায় দেন।
রায়ের ওই আদেশে বলা হয়, “২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২৭ (১) ধারায় বলা হয়েছে যে, সাব ইন্সপেক্টর পদ মর্যাদার নিচে নয় এমন কোনো পুলিশ কর্মকর্তা বা সরকারের নিকট থেকে বিশেষ আদেশে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তির লিখিত ছাড়া ট্রাইব্যুনাল কোন অপরাধ বিচারার্থে গ্রহণ করবেন না। বাদিনী ডিএনএ টেস্ট চাওয়ার জন্য সরকারের কাছ থেকে বিশেষ আদেশ দ্বারা ক্ষমতা প্রাপ্ত হয়েছেন মর্মে আদালতে কোন কিছু দাখিল করেননি। তাছাড়া দাখিলীয় কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, যে একই বিষয়ে উচ্চ আদালতে কার্যক্রম চলমান আছে। তাই সকল বিবেচনায় বাদিনীর দরখাস্ত নামঞ্জুর করা হলো।”
উল্লেখ্য, রাজধানীর বাড্ডা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় সাবেক ডিআইজি আনিসুর রহমানের বাসায় ১৯ মাস বয়সী সাতটি শিশুর সন্ধান পাওয়া যায়। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ব্যাপারে মানবাধিকার কর্মী এলিনা খান বাড্ডা থানায় জিডি করলে থানা কর্তৃপক্ষ তদন্তের জন্যে আদালতে অনুমতি পায়। পরে এলিনা খানের দরখাস্তের ভিত্তিতে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালত সাবেক ওই ডিআইজি ও তার স্ত্রীকে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। কিন্তু ডিআইজির স্ত্রী মেডিক্যাল বোর্ডে হাজির না হওয়ায় ডিএনএ টেস্ট করা সম্ভব হয়নি।
পরে হাইকোর্ট থেকে তাদেরকে ডিএনএ টেস্ট করার জন্যে চার মাসের মধ্যে সিঙ্গাপুরে যাওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ ছাড়া তাদেরকে বাড্ডা থানার বাইরে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এ আবেদনের বিরুদ্ধে এলিনা খান আপিল বিভাগে আবেদন করলে গত ৩ জুলাই সিঙ্গাপুরে যাওয়া সংক্রান্ত হাইকোর্টের আদেশ একমাসের জন্যে স্থগিত করা হয়।
