শিবিরের তাণ্ডবের পর বিএল কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে
খুলনার সরকারি ব্রজলাল (বিএল) বিশ্ববিদ্যালয় কলেজে মঙ্গলবারের ইসলামী ছাত্র শিবিরের তাণ্ডবের কারণে বুধবার কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিতি কম গেছে।
এদিকে, কলেজ কর্তৃপক্ষ সম্ভাব্য সহিংসতা এড়াতে ক্যাম্পাসে বুধবার থেকে তিনদিন সব ধরনের সভা-সমাবেশ স্থগিত ঘোষণা করেছে।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাংবাদিকদের বলেন, কলেজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ছাত্রদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি ছিল, আমরা এর অবসান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তবে ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে অধ্যক্ষ মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক করতে চাইলে শিবিরের নেতাদের উপস্থিতির কারণে ছাত্রলীগ ও ছাত্রইউনিয়ন সভা বয়কট করে।
মঙ্গলবার ইসলামী ছাত্র শিবিরের তাণ্ডবে ছাত্রলীগের ১৮ জন এবং ছাত্র ইউনিয়নের সাত জন নেতাকর্মী আহত হয়।
এসময় শিবির ক্যাডাররা কলেজের সুবোধচন্দ্র হল, শামসুজ্জোহা হল ও তিতুমীর হলে ব্যাপক লুটপাট ও ভাংচুর চালায়।
