সাভারের সিআরপিতে শেখ হাসিনার নাতনীদের ব্যতিক্রমী জন্মদিন পালন
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার সাভার পক্ষাঘাতগ্রস্তদের পূর্ণবাসন কেন্দ্রে (সিআরপি) তার দুই নাতনী আমরিন এবং এলিজের ব্যাতিক্রমী জন্মদিন পালন করেছেন।
জন্মদিন উৎসব উপলক্ষে সিআরপির মিলনায়তন নানা রংয়ের ফুল ও বেলুন দিয়ে বাহারি সাজে সাজানো হয়।
বেলা সোয়া ১১ টায় পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আত্মীয়দের নিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিরোধী দলীয় নেত্রী সিআরপিতে পৌঁছান।
এ সময় সিআরপি’র উইলিয়াম এন্ড মেরী টেইলর স্কুলের স্পেশাল নিডস্ এর প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা ফুল ছিটিয়ে তাদেরকে অভ্যর্থনা জানায়।
স্পেশাল নিডস্ এর প্রতিবন্ধী ছাত্র পরিমল রাজবংশী ও প্রদীপ ফুলের তোড়া দিয়ে আমরিন ও এলিজকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।
প্রতিবন্ধী শিশুরা জন্মদিন উপলক্ষে গান ও পুতুল নাচ পরিবেশন করে সকলকে মুগ্ধ করেন।
আমরিন ও এলিজের জন্মদিন উপলক্ষে সাভার পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে দুটি এবং সিআরপি’র পক্ষ থেকে দুইটি কেক কাটা হয়। শেখ হাসিনা প্রতিবন্ধী শিশুদের কেক খাইয়ে দেন।
বিরোধী দলীয় নেতা এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, আজকের এই জন্মদিন অনুষ্ঠান অন্যান্য জন্মদিনের চেয়ে ভিন্নতর। এ অনুষ্ঠানের আমি সিআরপি’র শিশুদের পরিবেশনা দেখে অভিভূত হয়েছি। তিনি প্রতিবন্ধী শিশুদের আদর দিয়ে সমাজে পূর্ণবাসনের আহবান জানান। প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের আহবান জানান। শিশুদের অভিভাবকদের মনের কষ্ট ভুলে গিয়ে তাদের প্রতি যতœশীল হতে বলেন।
জন্মদিন উপলক্ষে দুপুরে সিআরপি’র শিশুদের মাঝে উন্নত খাবার, চকলেট এবং বিভিন্ন রকমের ফল বিতরণ করা হয়।
আমরিন ও এলিজের জন্মদিন সিআরপিতে উদযাপন হওয়ায় সিআরপি’র কো-অর্ডিনেটর ভেলরি এ টেইলর ও প্রধান ট্রাষ্টি সি এম শফি সামি তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই দিনটি প্রতিবন্ধী শিশুদের কাছে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।
শেখ হাসিনা বেলা সাড়ে ১২ টায় সিআরপি ত্যাগ করার সময় গেটের বাইরে দলীয় নেতা কর্মীরা আসন্ন সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে শ্লোগান দিতে থাকে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ হাসিনার বোন শেখ রেহানা, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, মেয়ে জামাই খন্দকার মাশরুর হাসান মিতু, আওয়ামী লীগ নেতা ড. খন্দকার হাসান মাহমুদ, পংকজ দেবনাথ, এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
