২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে সাঈদীকে নিষিদ্ধ করার পরিকল্পনা ছিল

উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে যুক্তরাজ্য দেলোয়ার হোসেন সাঈদীকে সেদেশে নিষিদ্ধ করতে চেয়েছিল। টাইমস পত্রিকার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

পত্রিকাটির শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে লন্ডনে অবস্থানরত সাঈদীর বিরুদ্ধে মুসলমানদের পশ্চিমা বিরোধী করে তোলার অভিযোগ রযেছে। এ কারণে তিনি দেশটিতে কালো তালিকাভূক্ত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তার ভিসাকে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন।

কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইসলামি ইস্যু বিষয়ক উপদেষ্টা মকবুল আলী সাঈদীর পক্ষে অবস্থান নেওয়ায় ব্রিটিশ সরকার সাঈদীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি।

এদিকে সাঈদী শনিবার লন্ডন মুসলিম সেন্টারের একটি হাউজিং মেলা পরিদর্শন করেন। এ ঘটনায় লন্ডন অ্যাসেম্বলির সদস্য এবং মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ মুরাদ কোরেশি ক্ষেপে গিয়ে সময়মতো সাঈদীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেছেন।

তিনি বলেন, ‘আমি ১৯৯০ সাল থেকে বলে আসছি যে সাঈদীর মতো ব্যক্তির এদেশে ঘোরাঘুরি করতে দেওয়া ঠিক হচ্ছে না।  তার মাথার ওপর যুদ্ধাপরাধীর অভিযোগ রয়েছে। কাজেই তার ভিসা আটকে দেওয়া উচিত ছিল।’