২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে এক হাজার ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান যমুনাগর্ভে বিলীন

যমুনা নদীর অব্যাহত ভাঙ্গনে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চোকাইবাড়ি ইউনিয়নের প্রায় সাতটি গ্রামের এক হাজার পরিবারের ঘরবাড়ি, আড়াই হাজার একর ফসলি জমি ও ব্যবসা--শিক্ষা প্রতিষ্ঠান যমুনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2006, 09:19 AM

Updated : 26 Apr 2022, 03:48 PM

ভাঙ্গন কবলিত চোকাইবাড়ি ইউনিয়নের বাসিন্দারা বিডিনিউজকে জানান, গত বর্ষার মৌসুম থেকে যমুনার করাল গ্রাসে কেন্নকাটা, সাকুয়ারচর, হলকারচরসহ দক্ষিণ গ্রামগুলো সম্পূর্ণ এবং হলকারচর আববাবাড়ি, চাকুরিয়া ও ডাকাতিয়াচরের সিংহভাগই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে যমুনার ভাঙ্গন অব্যাহত থাকায় সাতটি গ্রামের প্রায় এক হাজার পরিবার গৃহহারা হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, যমুনার ভাঙ্গনে নিঃস্ব পরিবারগুলো বিভিন্ন সড়ক ও পরিত্যক্ত রেললাইনের ওপর আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। আশ্রিতরা অধিকাংশই দরিদ্র ও দিনমজুর। এদের অনেকেই কর্মহীন হয়ে অর্ধাহারে--অনাহারে দিন কাটাচ্ছে।

চুকাইবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বিডিনিউজকে জানান, ভাঙ্গন অব্যাহত থাকলে দেওয়ানগঞ্জ--ইসলামপুর উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আগামী কয়েকদিনের মধ্যে বিলীন হয়ে যাবে। আর এই বাঁধ বিলীন হয়ে গেলে দেওয়ানগঞ্জ উপজেলা ও জিল বাংলা সুগার মিল হুমকির সম্মুখিন হয়ে পড়বে।