২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ইরান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক ২৪ জুলাই শুরু

বাংলাদেশ ইরান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) দু দিনব্যাপী বৈঠক ২৪ জুলাই তেহরানে শুরু হবে। বৈঠকে বাংলাদেশ ইরানের বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চাইবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 08:56 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সাইফুর রহমান ২৩ জুলাই এ উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৮ সালের মার্চে ঢাকায় জেইসির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আট বছর পর তেহরানে আবার এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

গত কয়েক বছর ধরে বাংলাদেশ ও ইরানের সম্পর্কে শীতলতা বিরাজ করছে। এ বৈঠকের ফলে দু দেশের সম্পর্কের মধ্যকার বরফ কিছুটা হলেও গলবে বলে সূত্র জানায়।

জেইসি’র বৈঠকে ইরানের বাজারে বাংলাদেশী পণ্যের প্রবেশাধিকার সহজ করতে ইরানের প্রতি আহ্বান জানাবে ঢাকা।

বাংলাদেশ ইরানে পাট ও পাটজাত পণ্য, ওষুধ ও গার্মেন্টস পণ্য রপ্তানি করে থাকে। ২০০৪ -- ০৫ অর্থবছরে ইরানে বাংলাদেশের রপ্তানি ছিল ৪৮ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার। একই অর্থবছরে বাংলাদেশে ইরানের রপ্তানির পরিমাণ ছিল ২৩ দশমিক ৮৭ মিলিয়ন ডলার।

গত বছর ইরানের বাণিজ্য মন্ত্রী শরিয়তমাদারি ঢাকা সফর করেন এবং একটি বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেন। সফরকালে তিনি বাংলাদেশী চিকিৎসক, প্রকৌশলী এবং পেশাজীবী ইরানে কর্মসংস্থানের ব্যাপারে প্রস্তাব রাখেন।

ঢাকা ও তেহরানের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং দু’দেশের সরকারের মধ্যে এ সংক্রান্ত নথিপত্রও বিনিময় হয়েছে।