বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারি ধর্মঘট অব্যাহত
আট দফা দাবিতে লাগাতার ধর্মঘটের দ্বিতীয় দিনে রোববার বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষক--কর্মচারিদের তিনটি সংগঠন একযোগে আন্দোলন অব্যহত রাখায় সারা দেশের হাতে গোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সকল বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ এবং মাদ্রাসা বন্ধ রয়েছে।
শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে-- জাতীয়ভাবে শতভাগ মূল বেতন প্রদান, এরিয়ারসহ ১০ শতাংশ বর্ধিত বেতন, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, আইএলও এবং ইউনেসকোর সুপারিশ অনুযায়ী শিক্ষক ও কর্মচারিদের নতুন পে-স্কেল বৃদ্ধি ইত্যাদি।
শিক্ষক-কর্মচারি জাতীয় ফ্রন্ট’র প্রধান সমন্বয়ক কাজী ফারুক আহমেদ বিডিনিউজকে জানান, ঢাকার কিছু শিক্ষা প্রতিষ্টান ছাড়া সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এই ধর্মঘটের সাথে রয়েছে।
তিনি বলেন “উচ্চ পর্যায়ের চাপে কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড অব্যহত রেখেছে কারণ এগুলোর গভর্ণির বডি’র সদস্য হচ্ছেন কয়েকজন মন্ত্রী ও সচিব।”
তিনি অভিযোগ করে বলেন, গত ২৫ বছর ধরে শিক্ষকরা কিছু অর্থনৈতিক সুবিধা ভোগ করে আসছিল বর্তমান সরকার তাও তুলে নিয়েছে এবং এখন তাদের প্রাপ্য থেকে তারা বঞ্চিত হচ্ছে।
শিক্ষক- কর্মচারির তিনটি মঞ্চই বৃহস্পতিবার যৌথভাবে প্রতিনিধি সমাবেশ পালন করবে, এবং নগরীর মুক্তাঙ্গনে একটি মিছিল বের করবে।
