টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫
টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও ফরিদপুরে শনিবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের একজন অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক শনিবার সড়ক দুর্ঘটনায় নিহত হন।
নিহতের নাম জয়দেব কুমার সাহা (৬০)।
বেলা ১২টায় বিশেষ কাজে সাদত কলেজে যাওয়ার সময় টাঙ্গাইল থেকে গাজীপুরগামী একটি যাত্রীবাহী বাসে উঠতে গিয়ে তিনি পড়ে যান। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় জেনারেল হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান।
পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।
এ ঘটনার পর টাঙ্গাইল - গাজীপুর রুটে বাস চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ থাকে।
বিডিনিউজ মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জ ঢাকা - মাওয়া মহাসড়কের লৌহজং মাওয়া চৌরাস্তায় শনিবার সকালে দুটি বাস ও রিকশার মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়।
নিহতের নাম মোক্তার হোসেন (১৮)।
পুলিশ সূত্র জানায়, সকাল ৮ টার দিকে রাস্তায় দাঁড়িয়ে থাকা ঢাকাগামী গাংচিল পরিবহনের একটি বাসকে লৌহজংগামী রংধনু পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়।
এ সময় একটি রিক্সা দুই বাসের মধ্যে চাপা পড়লে রিকশাচালক, রিকশার আরোহী ও দুটি বাসের কমপক্ষে ১৬ জন যাত্রী আহত হয়।
আশঙ্কাজনক অবস্থায় রিকশাচালক মোক্তারকে প্রথমে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের কানাইপুরে ফরিদপুর - খুলনা মহাসড়কে শনিবার ভোরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃত্যু হয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
