২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষাকে রাজনীতির উর্ধ্বে রাখার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য শিক্ষার মান নিশ্চিত করতে দলমত নির্বিশেষে শিক্ষাকে রাজনীতির উর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2006, 08:12 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০০৬ বিতরণ উপলক্ষে রোববার আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণদানকালে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা একটি জাতীয় ইস্যু। আমাদের মধ্যে অনেক বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু শিক্ষার মতো মৌলিক ইস্যুতে নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় জাতি একটি জ্ঞানভিত্তিক উন্নত সমাজ গড়ে তুলতে পারে।

দেশের সরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের সর্বোচ্চ সম্মাননা বিতরণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ওই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষাবিদ ও শিক্ষকরা সর্বোচ্চ শিক্ষা ও উচ্চ পর্যায়ের গবেষণা কাজে সব ধরনের অনাকাংক্ষিত প্রভাব ও সংকীর্ণতার বাইরে থেকে জাতির কাছে দায়বদ্ধ থাকবেন বলে জনগণ আশা করে।

খালেদা জিয়া মেধাবী ছাত্রদের প্রতি জাতীয় উন্নয়নে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা জীবনে তারা যেমন দক্ষতা দেখিয়েছেন পেশাগত জীবনেও যেন তারা তা অক্ষুন্ন রাখেন। 

বিভিন্ন সরকারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মান পর্যায়ের পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারীদের মধ্যে সর্ব্বোচ্চ নম্বরপ্রাপ্তদের মধ্য থেকে এ বছর মোট ৫৭জন ছাত্রকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এম আসাদুজ্জামান, বুয়েট ছাত্র আব্দুল্লাহ আল মুজাহিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারজানা আক্তার।