মরণ অনশন ও আত্মাহুতি কর্মসূচি স্থগিত করেছে কমিউনিটি শিক্ষকরা
কমিউনিটি প্রাথমিক শিক্ষকরা আন্দোলনের দশম দিনে মঙ্গলবার তাদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছে। একই সঙ্গে তারা পূর্ব ঘোষিত আত্মাহুতির সিদ্ধান্তও বাতিল করে।
বিভিন্ন মানবাধিকার ও পেশাজীবী সংস্থা, শিক্ষক প্রতিনিধি এবং ১৪ দলের আহ্বানে তারা অনশন কর্মসূচি ভঙ্গ করে। বিরোধী রাজনৈতিক নেতারা দুপুর ১২ টা ৪ মিনিটে ফলের রস পান করিয়ে শিক্ষকদের অনশন ভাঙ্গান।
এর আগে কুমিল্লার মুরাদ নগর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওয়ালিউল্লাহ সুলতান অজ্ঞান হয়ে পড়ে যান। সকালে আরো একজন শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চাকুরি জাতীয়করণের দাবিতে কমিউনিটি প্রাথমিক শিক্ষকরা ১৮ জুন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন ধর্মঘট পালন করছিলো। সরকারি প্রাথমিক শিক্ষকদের সাথে তাদের বেতন বৈষম্য দূর করার দাবিতে তারা চূড়ান্ত আন্দোলনে নামে।
কমিউনিটি প্রাথমিক শিক্ষকদের মাসিক বেতন মাত্র ৭৫০ টাকা।
তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বেশ কয়েকবার স্মারকলিপি পেশ করলেও সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোন ফল পায়নি। তারা ঘোষণা দেয় মঙ্গলবার বেলা ১২টার মধ্যে দাবি মানা না হলে ১৫ জন শিক্ষক গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতি দেবেন।
সকাল ১১টায় ১৪ দলের নেতৃবৃন্দ, আইন ও সালিশ কেন্দ্র এবং বিভিন্ন স্তরের পেশাজীবী মানুষ তাদের সিদ্ধান্ত বদলানোর অনুরোধ করেন।
শিক্ষক নেতৃবৃন্দ কালো কাপড়, কেরোসিন তেল, দিয়াশলাই নিয়ে আত্মাহুতির জন্য প্রস্তুত হলে আইন ও সালিশ কেন্দ্র কর্মীরা তাদের কাছ থেকে এসব নিয়ে যায়। তবে, কোন দুর্ঘটনা এড়াতে এ সময় শহীদ মিনারের পাশে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড কর্মী এবং পুলিশ মোতায়েন ছিলো।
বিরোধী ১৪ দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ ও হাসানুল হক ইনু। এছাড়াও সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন সভাপতি ব্যরিস্টার আমীর - উল - ইসলাম, শিক্ষক - কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক কাজী ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক হারুণ - অর - রশিদ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ শিক্ষকদের আত্মাহুতি দিয়ে পরাজয় বরণ না করে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের আহ্বান জানান। ক্ষমতায় গেলে শিক্ষকদের সকল ন্যায্য দাবি মেনে নেওয়ার আশ্বাসও দেন ১৪ দলের নেতারা।
কমিউনিটি শিক্ষক সমিতির সভাপতি হাবিবুল আহসান বাবলু জানান, আন্দোলন এখন স্থগিত ঘোষণা করা হলেও পরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি জানানো হবে।
