চট্টগ্রামে পুলিশের এনকাউন্টারে ডাকাত সর্দার নিহত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নাজিরহাটে বুধবার ভোর রাতে পুলিশের সাথে ডাকাতদের গুলি বিনিময়ের সময় ‘এনকাউন্টারে’ এক ডাকাত সর্দার নিহত হয়েছে।
নিহতের নাম মোর্তজা আলী (৩৪)। সে মোর্তজা বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে কমপক্ষে ১০টি মামলা রয়েছে।
তাকে সোমবার বাঁশখালী উপজেলা থেকে আটক করে আনোয়ারা থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তার অস্ত্রভাণ্ডার ও সহযোগীদের গ্রেপ্তারের উদ্দেশে তাকে নিয়ে নাজিরহাট এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।
এসময় মোর্তজা পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
