অবৈধভাবে টিকিট ক্রেতারাও বিশ্বকাপ উপভোগ করতে পারবেন
কালোবাজার থেকে যারা অবৈধভাবে বিশ্বকাপ ফুটবলের টিকিট ক্রয় করেছে তারাও বিশ্বের সর্ববৃহৎ ফুটবল আসর উপভোগ করতে পারবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
বিশ্বকাপ টিকিটের মধ্যে ক্রেতার নাম এবং পাসপোর্ট বা পরিচয়পত্রের নম্বর উল্লেখ করা থাকে যার মাধ্যমে স্টেডিয়ামে প্রবেশকারী যদি কোনপ্রকার সমস্যা সৃষ্টি করে তাহলে তাকে সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
জার্মানি বিশ্বকাপ ফুটবল আসর আয়োজক কমিটির ভাইস--প্রেসিডেন্ট উল্ফগ্যানজ নারসব্যাচ বলেন, প্রতি ম্যাচেই ৫০০ থেকে ১০০০ জন দর্শকের টিকিটে উল্লেখিত আইডি তথ্য পরীক্ষা--নিরীক্ষা করা হচ্ছে। যদি কোনও দর্শকের টিকিটে তার নাম লেখা না থাকে তাহলে টিকিটে উল্লেখিত নাম পরিবর্তন করে তাকে স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে।
তিনি আরও জানান, ইতোমধ্যেই বিশ্বকাপ ফুটবলের ৬৪ টি ম্যাচের শতকরা ৯৯ ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে।
