২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ১১ জুন জাতিসংঘ কার্যালয় বন্ধ; মার্কিন নাগরিকদের প্রতি সতর্কতা

বিরোধী দলের ১১ জুনের ঢাকা অবরোধ কর্মসূচি চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ার আশংকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা ওই দিন তাদের ঢাকাস্থ কার্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৮ জুন ইস্যু করা এক প্রজ্ঞাপনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু), খাদ্য ও কৃষি সংস্থা (ফাউ), জাতিসংঘ তথ্য কেন্দ্র (ইউএনআইসি) এবং জাতিসংঘের বিশেষায়িত সংগঠন আর্ন্তজাতিক শ্রম সংস্থা (আইএলও), বিশ্ব ব্যাংক (ডব্লিউবি) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), আইওএম, ইউএনএফপিএ, ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনএইচসিআর, আইএমও এবং ইউএনএআইডি কার্যালয় ১১ জুন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

ঢাকা মহানগরীর বাইরে চট্রগ্রাম, কক্সবাজার, সিলেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত কার্যালয়গুলোও ওই দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে ঢাকাস্থ জাতিসংঘ সূত্র জানায়।

এদিকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ইস্যু করা অপর এক বিবৃতিতে সকল মার্কিন নাগরিককে ১১ জুন ঢাকা নগরীর মধ্যে চলাচল যথাসম্ভব সীমিত রাখতে এবং ভিড় ও জনসমাগম এড়িয়ে চলতে জোরালোভাবে সতর্ক করে দিয়েছে।