ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে উৎপাদন শুরু
শ্রমিক অসন্তোষের কারণে চার দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এর ৮৪টি ফ্যাক্টরির মধ্যে ৮২টি শিল্প ইউনিটে উৎপাদন শুরু হয়েছে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ এবং ডিইপিজেড’র প্রধান কর্মকর্তারা পূনরায় কারখানার উৎপাদন শুরুর সময় উপস্থিত ছিলেন। তারা এসময় বিভিন্ন কারখানা ঘুরে দেখেন।
ইউসুফ বলেন, বেপজা আইন ভঙ্গকারী যেকোন শ্রমিক অথবা বিনিয়োগকারীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে।
তিনি আরও জানান, বিনিয়োগকারীদের সঠিক সুরক্ষা ও নিরপাত্তা জোরদার করা হবে এবং ‘আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে’।
এ-ওয়ান এবং ওআইকেকে নামের দু’টি ফ্যাক্টরি বৃহস্পতিবারও উৎপাদন শুরু করে নি। এ ব্যাপারে ওই ফ্যাক্টরি দু’টির কর্তৃপক্ষ জানায়, আগামী সোমবার ১২ জুন শ্রমিকদের মজুরি পরিশোধের পর আগামী ১২ থেকে ১৫ তারিখের মধ্যে এ-ওয়ান এবং ওআইকেকে ফ্যাক্টরি দু’টির কাজ শুরু করা হবে।
র্যাব ও বিডিআরসহ বিভিন্ন আইনরক্ষাকারী বাহিনী ডিইপিজেড’র প্রবেশ মুখে কঠোর পাহারায় রয়েছে এবং শ্রমিকদের পরিচয় পত্র প্রদানের পর তাদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে।
ডিপিইজেড’র বেশির ভাগ শ্রমিক তাদের কাজে যোগ দিয়েছে বলে সূত্র জানায়।
