ভোলায় পুলিশ--জনতা সংঘর্ষে ২৫ আ’লীগ নেতা--কর্মীসহ ১০০০ জনকে আসামি করে দ্রুতবিচার আদালতে মামলা
ভোলায় বিদ্যুতের দাবিতে আন্দোলনরত আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার পুলিশ বাদি হয়ে দ্রুতবিচার আদালতে একটি মামলা দায়ের করেছে।
সূত্র জানায়, এসআই মনিরুল ইসলাম ভোলা সদর থানায় ২৫ জন আওয়ামী লীগ নেতা--কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১ হাজার কর্মীর বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ নেতা--কর্মীদের। এছাড়া বুধবার ঘটনার কিছু সময় পর গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল মমিন টুলুসহ ৭ জনকেও মামলায় অর্ন্তভূক্ত করা হয়েছে।
বিদ্যুত সহ ৬ দফা আন্দোলন কমিটির আহবায়ক এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল কাদের মোল্লাকে মামলার প্রধান আসামি করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, মামলায় গ্রেপ্তারের ভয়ে আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতা--কর্মীরা ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
