২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস নেতৃবৃন্দের একক দাবিনামা প্রণয়ন: ৩০০০ টাকা ন্যুনতম মজুরি নির্ধারনের দাবি

গার্মেন্টস সেক্টরের ট্রেড ইউনিয়ন নেতারা সোমবার এই খাতের শ্রমিকের অধিকার সুরক্ষায় ১০ দফার একটি ন্যুনতম দাবিনামা চূড়ান্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 08:55 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

দাবি সমূহের মধ্যে অন্যতম হচ্ছে ন্যুনতম তিন হাজার টাকা মূল মজুরি নির্ধারণ, অচিরেই ৩০ শতাংশ মহার্ঘ্যভাতা প্রদান, কারখানায় নিযুক্ত সকল শ্রমিককে পরিচয়পত্র প্রদান, প্রতি চার বছর অন্তর ন্যূনতম মজুরি পর্যালোচনা, শ্রমিকের পাঁচ শতাংশ লভ্যাংশ শেয়ার নিছ্তি করা, ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) এর তত্ত্বাবধানে দেশের প্রায় সবকটি গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে এ দাবিনামা চূড়ান্ত করেন।

বিলস সেমিনার হলে একক দাবিনামা চূড়ান্ত করণ অনুষ্ঠানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারাও উপস্থিত ছিলেন।

স্কপ নেতা ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র বলেন, গার্মেন্টস সেক্টরে যেসব ফেডারেশন রয়েছে তারা এতদিন একেক রকম দাবি উত্থাপন করতেন। কারো সাথে কারো দাবির মিল ছিলো না। যে কারণে এর অগ্রহণযোগ্যতাও ছিলো। কিন্ত এবারে তারা যে একটি একক দাবিনামা প্রণয়ন করতে পেরেছে তা নিসন্দেহে একটি বড় ধরনের অর্জন। আমরা মনে করি এর পর থেকে সকলে এক মঞ্চ থেকে সম্ভব না হলেও যে যার অবস্থান থেকে যুগপৎভাবে একক দাবি উত্থাপন করতে পারলে তা মালিক পক্ষের জন্যে একটি বড় চাপ হিসেবে কাজ করবে। 

দাবিনামায় কর্মস্থলে নিরাপত্তা, মাতৃত্বকালীণ সুরক্ষা, ছুটি ও কর্মঘন্টার বিষয়গুলোও উত্থাপন করা হয়েছে।

দাবিনামাটি একটি জাতীয় কনভেনশনের মাধ্যমে প্রকাশ করা হবে বলে আয়োজকরা জানান।