আঞ্চলিক বিচারবিভাগ সংক্রান্ত কর্মশালা মঙ্গলবার শুরু হচ্ছে
বিচার বিভাগ সংক্রান্ত দু দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা মঙ্গলবার থেকে ঢাকার হোটেল শেরাটনে শুরু হচ্ছে।
বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ ‘ফৌজদারি বিচার ব্যবস্থা জোরদার’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করবেন বলে এশীয় উন্নয়ন ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ম্যানিলাভিত্তিক এশীয় উন্নয়ন ব্যাংক আয়োজিত এ কর্মশালায় বিচার বিভাগ, আইন ও রাজনৈতিক সংস্কার সংশ্লিষ্ট বিষয়ে আঞ্চলিক দেশগুলোর অভিজ্ঞতা বিনিময় করা হবে।
এছাড়া আঞ্চলিক কর্মশালায় নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, প্রসিকিউটরিয়াল সার্ভিস জোরদার, পুলিশ বিভাগের সংস্কার, আইন শিক্ষার উন্নয়ন এবং জনগণের আইন সুবিধা লাভের অধিকার বৃদ্ধি এবং তথ্য সংক্রান্ত গবেষণা নিয়ে আলোচনা করা হবে।
আশা করা হচ্ছে এ কর্মশালার মাধ্যমে বিচার বিভাগীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সুনির্দিষ্ট কিছু সুপারিশ প্রণয়ন করা হবে।
কর্মশালায় বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের প্রধান বিচারপতি, ল কমিশনের প্রধান, অ্যাটর্নি জেনারেল, প্রসিকিউটরিয়াল সার্ভিসের সিনিয়র সদস্য, পুলিশ বাহিনীর প্রধান, উর্ধ্বন বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
