রংপুরে আলুর উৎপাদন বিপর্যয়
বৃহত্তর রংপুরের কৃষি অঞ্চলের পাঁচটি জেলায় এবছর আলু উৎপাদনে ব্যাপক বিপর্যয় ঘটেছে। ফলে আলু চাষীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং হিমাগারগুলোও চরম সংকটে পড়ে প্রায় বন্ধের পথে।
সূত্র জানায়, রংপুরের পাঁচ জেলার ৩৫টি হিমাগারের মধ্যে সাতটি ইতিমধ্যে আলুর অভাবে বন্ধ হয়ে গিয়েছে। আলুর অভাবে হিমাগারগুলোতে অনেক কম আলু সংরক্ষণ করা হয়েছে।
এছাড়াও বিদ্যুত বিভ্রাটের কারণে হিমাগারের মালিকদের লোকসানের সম্মুখীন হতে হচ্ছে।
কুড়িগ্রাম খামারবাড়ি সূত্রে জানা যায়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর ও নীলফামারী জেলায় এবছর মোট ৭২ হাজার ৩৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়।
কিন্তু বিগত দুই বছরে আলু চাষে লোকসান এবং উন্নত বীজের অভাবে আলু ৩০/৩৫ ভাগ কম জমিতে আবাদ হয়।
আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয় পাঁচ লাখ ৫৮ হাজার ২৫০ মেট্রিক টন। কিন্তু নিম্মমানের বীজ, নকল সার, কীটনাশক সংকট এবং নজীরবিহীন শৈত প্রবাহের কারণে আলু চাষে মারাত্মক বিপর্যয় ঘটে।
শুধুমাত্র কুড়িগ্রাম জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা ধার্যকরা হয় ৫২২৮ হেক্টর জমিতে, সেখানে আবাদ হয়েছে মাত্র চার হাজার হেক্টর জমিতে। উৎপাদন কম হয়েছে প্রায় ২০ হাজার মেট্রিক টন। প্রতি বছর একর প্রতি ২৫০/৩৫০ মণ আলু উৎপাদন হলেও এবছর একর প্রতি উৎপাদন হয়েছে ৪০ থেকে ১২০ মণ।
হিমাগার কর্তৃপক্ষ বিডিনিউজকে জানায়, ধারণ ক্ষমতার চেয়ে কম আলু সংরক্ষণের কারণে ভাড়া কম পাওয়ায় এবছর মালিক পক্ষকে লোকসান গুনতে হবে। এছাড়া বিদ্যুতের লোড শেডিং-এর জন্য ভোল্টেজ ওঠা-নামা করায় হিমাগারের যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে।
কুড়িগ্রাম হক কোল্ড ষ্টোরেজের মালিক পনির উদ্দিন জানান, গত বছর আলুর বাজার মন্দা ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে হিমাগারে ৪০ লাখ টাকা লোকসান হয়েছে। এবছর তিনি ধারণা করছেন সকল খরচ মিটিয়ে প্রায় ৭০ লাখ টাকা লোকসান হবে।
চলতি বছর এই হিমাগারে কৃষক ও ব্যবসায়ীদের ঋণ দেয়া হয়েছে তিন কোটি টাকা। সংরক্ষণ ভাড়াও ১৯০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে। ফলে লোকসানের ঝুঁকি আরও বেড়েছে। তিনি আরও বলেন, রংপুরের এই শিল্পটিকে রক্ষায় সরকারের এগিয়ে আসা উচিত।
রংপুর আলু চাষী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী বিডিনিউজকে বলেন, এত ঝুঁকি সত্ত্বেও ভারত থেকে আলু আমদানী বা অন্য কোন কারণে আলুর বাজারে ধ্বস নামলে কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
