২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে চোরাকারবারীরা ভারত থেকে ডিজেলের পরিবর্তে অবাধে নেশাদ্রব্য আনছে

রাজশাহীর বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারীরা অবাধে ফেন্সিডিল এবং হেরোইনসহ বিভিন্ন নেশাদ্রব্য এদেশে আনছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 09:20 AM

Updated : 26 Apr 2022, 03:40 PM

সূত্র জানায়, চোরাকারবারিরা নিজেদেরকে কৃষক হিসেবে পরিচয় দিয়ে রাজশাহীর শাহাপুর, শ্যামপুর, বাজি কাজলা, বড়কুঠি, বুলনপুর এবং জিয়ানগর ঘাট এলাকাসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে ডিজেল নিয়ে যায় ভারতে।

স্থানীয়রা অভিযোগে জানায়, বেশ কিছু অবৈধ ডিজেল ব্যবসায়ীরা স্থানীয় প্রভাবশালী এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় এসব ডিজেল পাচার করে থাকে।

এছাড়াও চোরাকারবারিরা পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ডিজেল এবং পামওয়েল সংগ্রহ করে ভারতে পাচার করে থাকে। ভারতে ডিজেল, পামওয়েল এবং গ্যাস সিলিন্ডারের দামও তুলনামূলকভাবে বেশি।

স্থানীয়রা অভিযোগে আরও জানায়, শহরে কিছু প্রভাবশালী ব্যক্তিরা এই ব্যবসার সাথে জড়িত।

তারা কালাহারি, হাররাহ এবং সাহেব বাজার থেকে পামওয়েল এবং শহরের কিছু পেট্রোল পাম্প থেকে ডিজেলের কন্টেইনার সংগ্রহ করে ভারতে পাচারের জন্য পদ্মার চর এলাকায় নিয়ে রাখে।

অপরদিকে ভারতীয় চোরাকারবারিরা এদেশের চোরাকারবারিদের যোগসাজসে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বিশেষ করে ফেন্সিডিল এবং হেরোইন পদ্মার চর এলাকায় আনে।

স্থানীয় সূত্র বিডিনিউজকে জানায়, সম্প্রতি বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সীমান্তবর্তী এলাকা মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক ৩৬০টি গ্যাস সিলিন্ডার আটক করে। তবে বিডিআর সদস্যরা পুরোপুরিভাবে চোরাচালান রোধ করতে পারেছ না।