২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের সখিপুরে ‘সখিপুর বাঁচাও সংগ্রাম কমিটি’র অনির্দিষ্টকালের হরতাল

‘সখিপুর বাঁচাও সংগ্রাম কমিটি’ বৃহস্পতিবার ভোর থেকে টাঙ্গাইলের সখিপুর উপজেলায় অনির্দিষ্টকালের জন্যে হরতাল ডেকেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 08:42 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

সখিপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন এবং সহকারী কমিশনারের (ভূমি) অপসারণের দাবিতে এই হরতাল ডাকা হয়।

হরতাল চলাকালে সংগ্রাম কমিটির নেতাকর্মীরা সকালে উপজেলা সদরে লাঠি মিছিল এবং বিকেলে তালতলা মোড়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, ইউএনও এবং সহকারী কমিশনারের অপসারণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাওয়া হবে।

এর আগে এ ব্যাপারে বুধবার রাতে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহেল বাকী ও এডিএম শামসুল আলম ভূঁইয়া বৈঠক করলেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।

সংগ্রাম কমিটির আহ্বায়ক মীর শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুস সালাম খান, আওয়ামী লীগ নেতা সাবেক সাংসদ শওকত মোমেন শাজাহান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শওকত সিকদার, বিএনপি’র সাধারণ সম্পাদক শাজাহন সাজু। 

এদিকে অনির্দিষ্টকালের জন্যে ডাকা এ হরতালের প্রথম দিনেই সখিপুর উপজেলা অবরুদ্ধ হয়ে পড়েছে। উপজেলার সড়কগুলোতে গাছ কেটে ফেলে রাখায় ওই এলাকার সঙ্গে সকল এলাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া সকল দোকানপাট, এবং অফিস--আদালত বন্ধ ছিল।