সোমবার আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস
সারা বিশ্বের মতো সোমবার দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হবে।
প্রতিবছরের ৮ মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালিত হয়। দিবসটি রেডক্রসের প্রতিষ্ঠাতা জন হেনরি ডুনান্টের জন্মদিন। এ বছর রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বব্যাপী হেনরি ডুনান্টের ১৭৮ তম জন্মবার্ষিকী পালন করছে। দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘স্বেচ্ছাসেবার মাধ্যমে বিশ্বজনীন সহায়তা’।
দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিআরসিএস) বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বিআরসিএস’র চেয়ারম্যান অ্যাড. হারুন আল রশিদ এমপি রোববার এক সংবাদ সম্মেলনে দিবসটি পালন উপলক্ষে গৃহীত কর্মসূচি ঘোষণা করেন।
বিআরসিএস’র মগবাজারের প্রধান কার্যালয়ে সোমবার বেলা ১১ টায় তহবিল ও সদস্য সংগ্রহ সংক্রান্ত বিশেষ প্রচার অভিযান পরিচালিত হবে।
অন্যান্য কর্মসূচির মধ্যে মতিঝিলে সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ে এবং মীরপুরে জার্মান টেকনিক্যাল সেন্টারে সকাল ১০ টায় স্বেচ্ছায় রক্তদান, দুপুরে শিশু একাডেমী প্রাঙ্গণে শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে।
একই সময়ে বিআরসিএস হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপতালে দুঃস্থ রোগীদের মধ্যে উপহার বিতরণ করা হবে।
পরে সোমবার বিকেল চারটায় হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে রয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম। অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করবে।
