২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২০

কুমিল্লা জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ২০জন আহত হয়েছে। দুই যাত্রী নিখোঁজ রয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 06:42 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

জেলার সদর দক্ষিণ উপজেলার উলইন ও চৌদ্দগ্রাম উপজেলার মিরশনী নামকস্থানে দুর্ঘটনা দুটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর দেড়টায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিরশনী এলাকায় নোয়াখালী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী ভিআইপি বাস (নং-ঢাকা মেট্রো-ব-১১-০৮৫২) এর সাথে চৌদ্দগ্রাম থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের (নং-চৌদ্দগ্রাম-ন-২১৭৩) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ৩০/৩৫ বছরের অজ্ঞাত এক মহিলা ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর আহত যাত্রীদের মধ্যে ঢাকার উত্তরার আব্দুল হকের পুত্র আবুল হোসেন (২৬) ও নোয়াখালী জেলার সোনাপুর গ্রামের মঞ্জু (৩৫) কে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকাল ৩টায় তাদের মৃত্যু হয়। এ ছাড়াও এই দুর্ঘটনায় অন্ততপক্ষে আরও ১৮জন যাত্রী আহত হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ আহতদের উদ্ধার ও দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ড ভ্যানটিকে থানায় নিয়ে যায়।

এর আগে ভোর রাত সাড়ে ৩টায় জেলার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী ফরেস্ট অফিসের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি ভলভো বাস (নং-ঢাকা মেট্রো-ব-১১-২৮-৭৮৩) ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের (নং-ইউ-১১-০৪০৮) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক সোহেল (২৫) নিহত হয়। নিহত সোহেল নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার বাপুয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে। এ ঘটনায় আহত আরও দুজন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে আসে।

উভয় দুর্ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।