বরিশালে বাস-টেম্পু শ্রমিকদের সংঘর্ষে আহত ৫০
পরিবহন ধর্মঘটকে কেন্দ্র করে শুক্রবার বরিশালের বাকেরগঞ্জে বাস ও টেম্পু শ্রমিকদের মধ্যে সংঘর্ষে এবং পুলিশি হামলায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা বাস মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালীন পরিবহন ধর্মঘটে একাত্মতা প্রকাশ না করার জন্যে মালিক সমিতির কর্মীরা টেম্পুৃ চালকদের ওপর চড়াও হয় এবং ২৫টি টেম্পু ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে বরিশাল নগরী থেকে তিনটি বাসে করে কর্মীরা বাকেরগঞ্জ পৌঁছায় এবং টেম্পুগুলো ভাংচুর করতে শুরু করে। এতে কয়েকজন টেম্পু শ্রমিক আহত হয় এবং তারাও পাল্টা হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে সংঘর্ষে লিপ্তদের ধাওয়া করে। এসময় স্থানীয় জনতা টেম্পু শ্রমিকদের সাথে একজোট হয়ে বরিশাল থেকে যাওয়া কর্মীদের একটি বাসের ওপর হামলা করে। এসব হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে ৫০ জন চাহত হয়। পরে পরিস্থিতি খারাপ দেখে মালিক সমিতির কর্মীরা বরিশালে ফিরে যায়।
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার বিডিনিউজকে বলেন, টেম্পু শ্রমিকরা তিনটি বাস ভাংচুর করে এসময় বাস মালিক সমিতির ২৫কর্মী আহত হয়।
