চট্রগ্রামে ট্রাভেল এজেন্সীতে রহস্যজনক চুরি
চট্টগ্রাম নগরীর কোতয়ালী ইন্টারসেকশন এলাকায় একটি ট্রাভেল এজেন্সীতে বুধবার রাতে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে।
কঠোর নিরাপত্তা সত্তেও কোতয়ালী থানার পাশে শহীদ সোর্হরাওয়ার্দী লেনের কনকর্ড ইন্টারন্যাশনাল নামে ওই প্রতিষ্ঠান থেকে একদল দুস্কৃতিকারী ৮ লাখ টাকা সমমূল্যের স্থানীয় ও বৈদেশিক মুদ্রা, ৮৪৭ টি বিমানের টিকিট, ভিসাসহ বিপুল পরিমাণ পাসপোর্ট এবং প্রয়োজনীয় বিভিন্ন নথিপত্র চুরি করে।
প্রতিষ্ঠানের কর্মচারীরা বৃহস্পতিবার সকালে অফিসে পৌঁছে সবকিছু এলোমেলো পড়ে থাকতে দেখে চুরির বিষয়টি জানতে পারে।
নিরাপত্তা প্রহরীর উপস্থিতি সত্তেও দেয়ালে গর্ত করে ডাকাতদের অফিসের ভেতর ঢোকার ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়েছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ ঘটনাটিকে রহস্যজনক হিসেবে উল্লেখ করেছে।
মাহফুজুর রহমান বৃহস্পতিবার এ ঘটনায় কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেন।
