অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ১০ বছর মেয়াদী নীতিমালা ও কর্মকৌশল গ্রহণ
দেশে প্রথমবারের মতো অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ২০১৫ সাল পর্যন্ত ১০ বছর মেয়াদী নীতিমালা ও কর্মকৌশল গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় কর্মকৌশলটি অনুমোদিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয় যে, বাংলাদেশে সংক্রামক রোগ প্রতিরোধে বিভিন্ন কর্মকৌশল থাকলেও অসংক্রামক রোগ প্রতিরোধে কোন নীতি বা কর্ম পরিকল্পনা নেই। অথচ দেশে বর্তমানে মোট মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ।
দেশে প্রতি হাজারে ১৪ জন লোক হৃদরোগে ভুগছে। বয়স্কদের মধ্যে শতকরা ২০ ভাগ হাইপারটেনশনে ভুগছে এবং মোট ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে শতকরা ২৯ জন পুরুষ ফুসফুসে ক্যান্সার এবং মহিলাদের মধ্যে ২৬ ভাগ জরায়ুর ক্যান্সার এবং ২৩ ভাগ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত।
বাংলাদেশ হেলথ ইনজুরি সার্ভে অনুযায়ী দেশে প্রতি বছর ৭০ হাজার লোক দুর্ঘটনায় মারা যায়। এর মধ্যে ৩০ হাজারই ১৮ বছরের কম বয়সী। দেশে মোট শিশুমৃত্যুর ৫০ ভাগই পানিতে ডুবে মারা যায় যার মধ্যে ২৬ ভাগের বয়স ৪ বছরের নীচে। বয়স্ক জনগোষ্ঠীর শতকরা ১৬ ভাগ কোন না কোন মাত্রায় মানসিক রোগে আক্রান্ত। বাংলাদেশ ন্যাশনাল ব্লাইন্ডনেস এন্ড লো-ভিশন সার্ভে অনুযায়ী ৩০ বছরের কম বয়সী জনগোষ্ঠীর শতকরা ১ দশমিক ৫ ভাগ দৃষ্টিহীনতায় আক্রান্ত।
স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন বাংলাদেশে বর্তমানে প্রাথমিক স¦াস্থ্য পরিচর্যার পাশাপাশি অসংক্রামক রোগ নিয়ন্ত্রণেও গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি বলেন অসংক্রামক রোগের উন্নত চিকিৎসা প্রবর্তনের লক্ষে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালকে ৩০০ শয্যায় উন্নীত করা হচ্ছে। হৃদরোগ চিকিৎসার উন্নয়নে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসার সুবিধা বাড়ানো হয়েছে। এ ছাড়াও সরকার নিউরোসাইন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এ নীতি ও কর্মকৌশল গ্রহণের ফলে সংক্রামক রোগের সাথে সাথে অসংক্রামক রোগের চাপ হ্রাসেও কার্যকর পদক্ষেপ নেয়া সম্ভব হবে।
সভায় স্বাস্থ্য সচিব এ কে এম জাফর উল্লা খান, স¦াস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ শাহাদত হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এম আকমল হোসেন আজাদ, বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দুয়াংবেদী সংখোবল, বিএমএ’র মহাসচিব ডাঃ মোস্তাক রহিম স¦পন, বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
