২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছেন পেট্রল পাম্প মালিকরা

পেট্রল পাম্প মালিক সমিতি তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। সাত দফা দাবিতে পেট্রল পাম্প মালিক সমিতি ৮ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 04:05 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

সূত্র জানায়, পেট্রল পাম্প মালিক সমিতি ও জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের মধ্যে বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফলপ্রসূ আলোচানার পর তারা ধর্মঘট প্রত্যাহার করে নেন।

বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল...। পাম্প মালিকরা উপলব্ধি করতে পেরেছেন যে তাদের কিছু দায়দায়িত্ব রয়েছে।

জ্বালানি তেলের ডিলারদের কমিশন বাড়ানোই পাম্প মালিক সমিতির প্রধান দাবি। এ ব্যাপারে ইতোমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিগগিরই তা গ্যাজেট আকারে প্রকাশিত হবে।

সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে জ্বালানি তেলের ডিলাররা প্রতি লিটার ডিজেলে দশমিক ৭০, প্রতি লিটার পেট্রলে ১ দশমিক ১০ এবং প্রতি লিটার অকটেনে ১ দশমিক ১৮ টাকা হারে কমিশন পাবেন।

বর্তমানে ডিলাররা লিটারপ্রতি ডিজেলে দশমিক ৬০, পেট্রলে দশমিক ৮০ এবং অকটেনে দশমিক ৮৬ টাকা হারে কমিশন পাচ্ছেন।

এদিকে কেরোসিনের ক্ষেত্রে কমিশনের হার আগের মতো লিটারপ্রতি দশমিক ৪১ টাকাই রাখা হয়েছে।

যমুনা নদীর নাব্যতা সংকটের কারণে বাঘাবাড়ি ডিপো থেকে তেল সংগ্রহ করতে না পেরে জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে পাম্প মালিকদের যে অতিরিক্ত পরিবহন খরচ দিতে হয়েছে তা স্বল্প সময়ের মধ্যেই পরিশোধ করা হবে বলে বৈঠকে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত এক কর্মকতার বলেন, রাজধানীতে অতিরিক্ত মনিটরিংয়ের প্রয়োজন নেই, তবে তেল পাচার রোধে কড়া নজরদারি অব্যাহত রাখার ব্যাপারে দু পক্ষই একমত পোষণ করেন। এ ব্যাপারে পেট্রল পাম্প মালিকরা সরকারকে সহযোগিতা করবে বলেও ওই কর্মকর্তা জানান।

জ্বালানি উপদেষ্টা বৈঠকে সিদ্ধান্ত দেন যে, অন্যের লাইসেন্স দিয়ে কেউ তেল সরবরাহ করতে পারবে না। এ রকম ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জ্বালানি খাতে সরকার বড় ধরনের কোনও সিদ্ধান্ত নিলে তা আগে থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জানানো হবে বলেও মাহমুদুর রহমান বৈঠকে পাম্প মালিকদের প্রতিশ্রুতি দেন।

সরকারের রেশনিং প্রক্রিয়ার অংশ হিসেবে কোনও আগাম ঘোষণা ছাড়াই শুক্রবারের সাথে শনিবারেও ডিপোগুলো থেকে তেল ছাড় না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে করে পাম্প মালিকরা ক্ষুব্ধ হযে ওঠেন। গত সপ্তাহে জ্বালানি তেলের সংকট দেখা দিলে পরে তারা সরকারি সিদ্ধান্তের বিষয়টি জানতে পারেন।

বৈঠকে পাম্প মালিকদের পক্ষে নেতৃত্ব দেন সমিতির সভাপতি নাজমুল হক।

এদিকে জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাম্প মালিকদের বৈঠকের ব্যাপারে আমন্ত্রণ জানানো হয়নি। তবে সমিতির নেতারা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এবং এর তিন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে জ্বালানি উপদেষ্টার সাথে যোগাযোগ করেন।