নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশ
পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন বুধবার বহুলবিতর্কিত নতুন ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে। নির্বাচন কমিশন সচিবালয় প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে খসড়া তালিকায় ভোটারের সংখ্যা ৯ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৫৯৫ জন উল্লেখ করা হয়েছে, আগের ভোটার তালিকা থেকে যা এক কোটিরও বেশি। ২০০১ ও ১৯৯৬ সালের নির্বাচনে ভোটার ছিল যথাক্রমে ৭ কোটি ৪৮ লাখ এবং ৫ কোটি ৬১ লাখ।
এখনো যারা ভোটার তালিকার বাইরে রয়েছেন, তারাও ভোটার হওয়ার সুযোগ পাচ্ছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত সচিব মুহাম্মদ জকরিয়া বলেন, খসড়া ভোটার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়নি বা যারা বাদ পড়েছেন, তারাও ভোটার হওয়ার সুযোগ পাবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন থেকে পরবর্তি ১৫ দিনের মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে বলে তিনি জানান।
খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হলেও কবে নাগাদ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তা এখনো নির্বাচন কমিশন ঠিক করেনি।
খসড়া ভোটার তালিকা জনগণের দেখার সুবিধার্থে জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়, সহকারী রেজিস্ট্রেশন কর্মকর্তার কার্যালয়, ইউনিয়ন পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয়, সিটি কর্পোরেশন সমূহের ওয়ার্ড কমিশনারের কার্যালয়, সংশ্লিষ্ট এলাকার ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, মাদ্রাসাসহ কোনো সরকারি ভবন ও সুবিধাজনক স্থানে রাখা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, প্রকাশিত খসড়া ভোটার তালিকায় কোনো ভুল থাকলে, কারো নাম বাদ পড়লে, কারো নাম একাধিকবার অন্তর্ভুক্ত হলে, তা সংশোধন, অন্তর্ভুক্ত অথবা কর্তনের জন্যে রিভাইজিং কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে। সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ তাদের স্ব স্ব এলাকার জন্যে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী মহানগরী এলাকায় উপনির্বাচন কমিশনার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসকের নির্ধারিত এলাকার জন্যে এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকাসমূহের জন্যে সংশ্লিষ্ট ক্যান্টনমেন্ট নির্বাহনী কর্মকর্তাগণকে স্ব স্ব এলাকার জন্যে রিভাইজিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নির্ধারিত ফরম পূরণ করে খসড়া তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে অর্থাৎ চলতি মে মাসের ২১ তারিখের মধ্যে ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত, কর্তন ও সংশোধন করতে পারবেন। এসব ফরম রিভাইজিং কর্মকর্তার কার্যালয়ে বিনামূল্যে পাওয়া যাবে। ফরম পূরণ করে উল্লেখিত সময়ের মধ্যে একই কার্যালয়েই জমা দেওয়া যাবে।
নির্বাচন কমিশন সূত্র আরো জানিয়েছে, ভোটার তালিকায় সংশোধনী আনার জন্যে আবেদন করা হলে ৬ জুনের মধ্যে তার নিষ্পত্তি করা হবে।
