বিমানের সর্বশেষ নিউইয়র্ক ফ্লাইট চলবে ৩ জুন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোকসানী নিউইয়র্ক ফ্লাইট জুন মাসে বন্ধ হয়ে যাচ্ছে। বিমান সূত্র জানায়, আগামী ৩ জুন বিমানের সর্বশেষ নিউইয়র্ক ফ্লাইটটি পরিচালিত হবে। এরপর এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে।
এদিকে বিমানের সব কয়টি সংগঠনের স্টিয়ারিং কমিটি ‘বিমান বাঁচাও’ আন্দোলন শুরু করেছে। বুধবার স্টিয়ারিং কমিটির উদ্যোগে উত্তরায় সংস্থার প্রধান কার্যালয় ‘বলাকা’র সামনে প্রতিবাদ সমাবেশের আযোজন করা হয়। সমাবেশ থেকে সংস্থার ‘সকল ধরণের দুর্নীতি - অপচয় রোধ এবং কৌশলগত অংশীদার খোঁজার নামে আরো লুটপাট করার অপচেষ্টার’ তীব্র প্রতিবাদ জানানো হয়।
বিমানের একজন মুখপাত্র বিডিনিউজকে জানান, বুধবার বিমানের এই সিদ্ধান্ত টেলেক্স -- বার্তার মাধ্যমে সংস্থার সকল স্টেশন ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে জানিয়ে দেওয়া হয়।
বিমান কর্তৃপক্ষ ম্যানচেস্টর হয়ে নিউইয়র্ক ফ্লাইট পরিচালনার বদলে ২৯ এপ্রিল থেকে ঢাকা -- দুবাই -- ব্রাসেলস - নিউইয়র্ক - এই পুরোনো রুটে ফিরে যায়। ম্যানচেস্টার হয়ে নিউইয়র্কে ফ্লাইট চালানোর বিষয়ে আমেরিকার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ) আপত্তি করায় কর্তৃপক্ষ আবারো ওই পুরোনো রুটে ফিরে যায়। ২৪ এপ্রিল নেওয়া কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ৬ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকার কথা ছিলো।
বিমান সূত্র জানায়, কিন্তু নিয়ম লঙ্ঘন করে ম্যানচেস্টর দিয়ে নিউইর্য়ক ফ্লাইট চালানোর কারণে এফএএ এরই মধ্যে বিমানকে বিপুল অঙ্কের অর্থ জরিমানা করেছে। এ পর্যায়ে শেষমেষ নিউইয়র্ক ফ্লাইটটিই বন্ধ করে দেওয়া হলো।
লাভের আশায় বিমান গত ৮ এপ্রিল থেকে নিউইয়র্ক ফ্লাইটের রুট পরিবর্তন করে ম্যানচেস্টার হয়ে যাত্রা শুরু করে। কিন্তু এ ক্ষেত্রে তারা এফএএ’র অনুমতি না নেওয়ায় জটিলতার সৃষ্টি হয়। বিমানের প্রতি নিউইয়র্ক ফ্লাইটে লোকসান হয় প্রায় ৭০ লাখ টাকা।
বিমানের নিউইয়র্ক ফ্লাইট বর্তমানে সপ্তাহে একদিন (শনিবার) যাত্রা করে। এর আগে এটি সপ্তাহে তিনদিন যাত্রা করতো।
