২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার বিবৃতিতে বেক্সিমকো গ্রুপের উদ্বেগ

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকো শিল্পগোষ্ঠী বিভিন্ন দৈনিকে মঙ্গলবার প্রকাশিত যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 09:04 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

বেক্সিমকো গ্রুপ যোগাযোগ মন্ত্রীর ঋণ সংক্রান্ত অভিযোগটি সম্পূর্ন ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানায়।

বেক্সিমকো গ্রুপ বুধবার এক বিবৃতিতে জানায়, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের একজন শেয়ারহোল্ডার। বেক্সিমকো গ্রুপ ও সালমান এফ রহমানকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে নাজমুল হুদা রাজনৈতিকভাবে লাভবান হতে চেয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ২,১০০ কোটি টাকার ঋণের বিপরীতে বেক্সিমকো গ্রুপের সম্পদের পরিমাণ ৪,০০০ কোটি টাকারও বেশী এবং প্রতিষ্ঠানটি স্বচ্ছতার সাথে এর কার্যক্রম পরিচালনা করছে, নিয়মিত বার্ষিক সাধারণ সভা আয়োজন করছে এবং শেয়ারহোল্ডারদের কাছে সম্পদ ও দায়ের অবস্থানের প্রকাশিত হিসাব উপস্থাপন করছে। দেশের প্রচলিত আইনকানুন ভিত্তিতে বেক্সিকো গ্রুপ অন্যান্য বড় প্রতিষ্ঠানের মত নিয়ন্ত্রক কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।  

বিবৃতিতে আরো বলা হয়, দশের অনেক শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের চেয়েও অধিক পরিমানে ঋণ গ্রহণ করেছে। সরকারি ক্ষমতার অপব্যবহার করে যোগাযোগমন্ত্রী যিনি অর্থ বা বাণিজ্য মন্ত্রণালয়ের দাায়িত্বপ্রাপ্ত নন তার বিবৃতি দেখে বেক্সিমকো গ্রুপ বিস্মিত।

বেক্সিমকো গ্রুপে ২৫,০০০ কর্মী কর্মরত আছে এবং এর শেয়ারহোল্ডারের সংখ্যা এক লাখেরো বেশী।

বিবৃতিতে বলা হয়, যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যার ব্যাংকিং খাতে কোন সংশ্লিষ্টতা নেই, কেন্দ্রীয় ব্যাংককে একটি বিশেষ শিল্পগোষ্ঠীর ঋণের তদন্ত করার আহবান জানানোর মাধ্যমে তার অসৎ রাজনৈতিক উদ্দেশ্য উন্মোচিত হয়। মন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতার অপপ্রয়োগ করে গণমাধ্যমে অপপ্রচার চালানোর মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন। বেক্সিমকো গ্রুপ মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরাজয় অবধারিত জেনে মন্ত্রী এখন সরকারি দপ্তরের অপব্যবহার করছেন এবং একটি গ্রুপের বিরুদ্ধে বিবৃতি প্রদান করছেন যা নজিরবিহীন।

জনাব হুদা যিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনে বেক্সিমকো গ্রুপের ডেপুটি চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে ঢাকা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি আসন্ন জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যে বেক্সিমকোর বিরুদ্ধে এ বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়, এটা দুর্ভাগ্যজনক যে, একজন দায়িত্বসম্পন্ন মন্ত্রী তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সুনাম নষ্ট করতে সরকারি ক্ষমতার অপব্যবহার করছেন। গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে নাজমুল হুদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ঢাকা-১ (দোহার) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যেখানে ভোটের ব্যবধান ক্রমশ কমে ১৯৯১ সালের নির্বাচনে ১৯,০০০ থেকে ১৯৯৬ সালে ১৮,১৬৭-এ নেমে আসে। ২০০১ এর নির্বাচনে যখন আওয়ামী লীগ থেকে জনাব সালমান এফ রহমান জনাব হুদার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন তখন ভোটের ব্যবধান মাত্র ২,৭৭১-এ নেমে আসে।