উত্তরবঙ্গ চিনিকলে শুক্রবার গণহত্যা দিবস পালিত হবে
নাটোর জেলার গোপালপুরের উত্তরবঙ্গ চিনিকলে মিলের শহীদ কর্মকর্তা-কর্মচারীদের স্মরণে শুক্রবার গণহত্যা দিবস পালিত হবে।
স্বাধীনতা যুদ্ধে উৎসর্গিত এসব শহীদদের স্মরণে শহীদ দিবস হিসেবে “শোকানুষ্ঠান” নামে দিবসটি উৎযাপন করা হবে।
এই দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে--‘শহীদ সাগর’ সিঁড়িতে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ, পবিত্র কোরানখানি, মিলাদ-মাহফিল ও আলোচনা-সভার আয়োজন করা হয়েছে।
১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম চলাকালে এই দিনে মিলের জেনারেল ম্যানেজার লেফটেনেন্ট মোহাম্মদ আনোয়ারুল আজীমসহ (এমএএলএলবি) এক শতাধিক মিলের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও জনসাধারণকে মিলের ভিতরে পুকুরের সিঁড়িতে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে মেশিনগানের গুলিতে নির্মমভাবে হত্যা করা হয়।
শহীদ পরিবারের সদস্যরা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জাতীয় পর্যায়ে এই ঐতিহাসিক গণহত্যা দিবস পালনের আহবান জানিয়েছেন।
