‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ বুধবার
দারিদ্র্য বিমোচনে গণমাধ্যমের অধিক কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বুধবার বিশ্বের অনান্য স্থানের মতো বাংলাদেশেও পালিত হবে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে-২০০৬’।
জনগণের জন্যে সংবাদ সরবরাহ করতে গিয়ে বিভিন্ন নির্যাতন, শাস্তি বা হত্যার শিকার হওয়া বিশ্বের সকল বীর সাংবাদিককে স্মরণ করতে জাতিসংঘ ১৯৯৩ সালে ৩ মে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ হিসেবে পালনের ঘোষণা দেয়।
মানবাধিকারের মূল ভিত্তি হিসেবে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাকে উৎসাহদানকারী জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) ‘দারিদ্র্য বিমোচন ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে সম্পর্ককে’ এ বছর দিবসটির প্রতিপাদ্য হিসেবে ঘোষণা করেছে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট (আইএফজে) দিবসটি উপলক্ষে এক বিবৃতিতে বলেছে, ‘বিশ্বব্যাপী সাংবাদিক ইউনিয়নগুলো গণমাধ্যমের স্বাধীনতা সংগ্রামকে স্বাগত জানাবে এবং দেশ ও দেশের বাইরে যারা প্রতিদিন জনগণের জানার অধিকার, গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষায় নিজেদের উৎসর্গ করেছে, সে সকল সহকর্মীর সাথে সংহতি প্রকাশ করবে।
দেশের বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে।
বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনস (বিএনএনআরসি), ম্যাস্--লাইন মিডিয়া সেন্টার (এমএমসি), মিডিয়া ওয়াচ, সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশন (সাফমা), ভয়েস এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) যৌথভাবে দিবসটি পালন উপলক্ষে ‘মানুষের জন্য’ ও ইউনেস্কোর সহযোগিতায় ৩ থেকে ৪ মে দেশের ছয়টি বিভাগীয় শহর এবং ২৩টি জেলায় দু’দিনব্যাপী কর্মসূচি আয়োজন করেছে।
সংস্থাগুলোর পক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমএমসির কামরুল হাসান মঞ্জু বলেন, সর্বশেষ পাঁচ বছরে দেশব্যাপী ১১ জন সাংবাদিক নিহত, ৩৭ জনকে শাস্তি প্রদান এবং ২৫০টি মিথ্যা মামলা দায়ের করা হয়।
এলজিইডি মিলনায়তনে ৩ ও ৪ মে অনুষ্ঠেয় কর্মসূচিতে দুটি অধিবেশনে ছয়টি মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে।
‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইউনেস্কো ক্লাবস ইন বাংলাদেশ’ বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো (বিএনসিইউ) মিলনায়তনে বুধবার বিকেল ৩টায় ‘দারিদ্য বিমোচনে গণমাধ্যমের ভূমিকা ’ শিরোনামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট, জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন দিবসটি উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করে।
বৈঠকে দৈনিক আমাদের সময় পত্রিকার উপদেষ্টা সম্পাদক খন্দোকার রাশিদুল হকের সভাপতিত্বে ‘প্রেস কাউন্সিল ও গণমাধ্যমের জবাবদিহিতা’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল।
বৈঠকে অন্যদের মধ্যে অধ্যাপক কবীর চৌধুরী, প্রখ্যাত সাংবাদিক এবিএম মূসা, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন এবং সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম অংশগ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ভিাগের শিক্ষার্থীরা দিবসটি পালন উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করবে এবং আরসি মজুমদার মিলনায়তনে বেলা ১১ টায় এক আলোচনা সভা করবে।
