পটলের ‘অশালীন’ বক্তব্যের প্রতিবাদে সংসদ থেকে আ’লীগের ওয়াক আউট,
বিএনপি’র সাংসদ যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ‘অশালীন’ বক্তব্যের প্রতিবাদে সংসদের বিরোধী দলীয় এমপিরা মঙ্গলবার রাত সোয়া আটটায় ওয়াক আউট করেছেন। অনির্ধারিত বিতর্ক চলাকালে সংসদের ব্যাপক হইচই ও হট্টগোলের সৃষ্টি হয়।
মাগরিবের নামাজের বিরতির পর অনির্ধারিত বক্তব্য চলাকালে ফজলুর রহমান পটল সরকারের পক্ষ থেকে বক্তব্য দানকালে বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী ‘পুলিশের হাতে কামড় দিয়েছেন, কর্মীরা ডান্ডা দিয়ে গাড়ি ভাংচুর করেছে।’ মহিলা যুবলীগ কর্মীদের হরতালের সময়ের আচরণকে অশালিন বলে ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, ‘এদের সামলান’।
ফজলুর রহমানের এ বক্তব্যের সাথে সাথে আওয়ামী লীগ সাংসদরা দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন ও বিক্ষোভ দেখান। তারা বার বার স্পিকারের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করেন। কিন্তু প্রতিবাদের মুখেও ফজলুর রহমান তার বক্তব্য চালিয়ে যান।
এক পর্যায়ে তার বক্তৃতা শেষ হলে বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ ফ্লোর নিয়ে ফজলুর রহমানের রক্তব্যকে ‘অশালীন, অসভ্য ও কুরুচিপূর্ণ’ উল্লেখ করে তা প্রত্যাহার করে নেওয়ার এবং তাকে দুঃখ প্রকাশ করার দাবি জানান। কিন্তু স্পিকার তাৎক্ষণিকভাবে ওই বক্তব্য প্রত্যাহার না করায় সংসদ থেকে দলীয় সদস্যদের নিয়ে উপনেতা ওয়াক আউট করেন।
পরে বিরোধী দলীয় সাংসদরা এক প্রেস ব্রিফিংয়ে স্পিকারের বিরুদ্ধে সংবিধান ও সংসদীয় কার্যপ্রণালী বিধি লংঘণ করে সংসদ পরিচালনার অভিযোগ আনেন।
তারা বলেন, জিরো পয়েন্টে জরুরী গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সুযোগ বিশ্বের সংসদীয় রীতিতে রয়েছে। কিন্তু স্পিকার আমাদের সুযোগ দিচ্ছেন না। তিনি আমাদের নোটিশও নিচ্ছেন না, আলোচনাও করতে দিচ্ছেন না।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ ধরনের অশালিণ বক্তব্য ও আচরণের কারণে স্পিকার একজন সদস্যকে সংসদ থেকে বের করেও দিতে পারেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া যায়। আমরা সে দাবি জানাতে পারতাম কিন্তু তা করিনি। আমরা শুধু ক্ষমা ও বক্তব্য প্রত্যাহার করে নিতে বলেছি।
মাগরিবের নামাজের বিরতির পর স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হলে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য শুরু হয়।
এক ঘন্টা দশ মিনিটের অনির্ধারিত আলোচনায় অংশ নেন বিরোধী দলের সাংসদ আবদুর রাজ্জাক, মোহাম্মদ নাসিম, শেখ সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত এবং বিকল্প ধারার মাহী বি চৌধুরী।
অনির্ধারিত আলোচনায় দ্রব্যমূল্যের উর্ধগতি, আইন- শৃংখলা পরিস্থিতির অবনতি, কানসাটে নির্যাতন, চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলা, বি. চৌধুরীর বাড়িতে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন ইস্যু উঠে আসে।
