২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে নদীভাঙ্গনে ১৫০ পরিবার গৃহহারা

উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের পাঁচটি গ্রামের দেড় শতাধিক পরিবার নদীভাঙ্গনে গৃহহারা হয়ে পড়েছে। সেই সাথে এসব পরিবারের ৫০ একর জমি নদীতে ভেঙ্গে নিয়ে গেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2006, 10:51 AM

Updated : 26 Apr 2022, 03:37 PM

স্থানীয়রা জানায়, বর্ষাকালে ব্রহ্মপুত্র, সোনাভরি, গঙ্গাধর ও দুধকুমার নদীর পানি প্রবাহ বেড়ে যায়।

গত কয়েকদিনের বৃ্িষ্টর কারণে কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে প্রবাহিত সব ক’টি নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেড়শ’ পরিবারের ভিটেমাটি, জমির উঠতি বোরো ধান, ব্যবসা-প্রতিষ্ঠান নদীতে ভেঙ্গে নিয়ে গেছে।

কুড়িগ্রাম সদর উপজেলার মোগাদহ ইউনিয়নের লোকমান হোসেন বিডিনিউজকে জানান, ভগবতীপুর ঝুনকারচর, রালাকাটা, কালিরাগালা এবং রুলিয়া গ্রামের লোকজন নদীভাঙ্গনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভিটেমাটি হারা পরিবারগুলো যাত্রাবাড়ী, চর গোয়ালপুরি এবং পিপলবাড়ী চরে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

স্থানীয়রা জানায়, ভাঙ্গনের ব্যাপকতা ক্রমে বৃদ্ধি পাওয়ায় মুছল্লিপাড়া চর এখন বিলীন হওয়ার পথে।

নদীভাঙ্গনের শিকার কৃষক আকবর আলী (৫০), আজাদ (৪০) এবং জাবেদ আলী (৩৮) ঋন নিয়ে বোরো আবাদ করেছিলেন। তাদের প্রায় ছয় একর জমি ধানসহ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব। বর্তমানে তারা অর্থনৈতিক সংকটের সম্মুখীন হচ্ছে বলে জানায়।

রাজিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন বিডিনিউজকে জানান, নদীভাঙ্গন ভয়াবহ রূপ নিলেও পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।