বাহরাইনে বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের জন্যে খোলা-দরজা কর্মসূচি শুরু করছে
বাহরাইনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত এম রুহুল আমিন আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং প্রবাসীদের সাহায্যের জন্যে তাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনে খোলা--দরজা কর্মসূচি শুরু করছেন।
ঢাকায় প্রাপ্ত এক বার্তায় বৃহস্পতিবার জানা যায়, বাহরাইনে বসবাসরত বাংলাদেশীদের অবস্থান এবং দূতাবাসের সহযোগিতা বিষয়ক প্রচারাভিযানের অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস আগামী সপ্তাহে এক খোলা--দরজা অনুষ্ঠান করবে।
আদলিয়ায় অবস্থিত দূতাবাস থেকে এ সংক্রান্ত কনস্যুলার রেজিস্ট্রেশন ফর্ম ইতোমধ্যে বিতরণ করা শুরু হয়েছে। এতে অভিবাসীরা তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য এবং দূতাবাস থেকে কী ধরনের সাহায্য প্রত্যাশা করেন-- তা লিখে জানাবেন।
বাহরাইনে প্রায় ৬০ হাজার বাংলাদেশী বসবাস করছে বলে জানা যায়। তবে এ ব্যাপারে সরকারি কোনও তথ্য এখনও নেই।
নবনিযুক্ত রাষ্ট্রদূত রুহুল আমিন বলেন, আমরা তাদের সম্পর্কে জানতে চাই। রাষ্ট্রদূত হিসেবে তাদের কল্যাণের দিকগুলো দেখা আমার দায়িত্ব। তারা কারা, আমি যদি তা--ই না জানি, তবে তাদের সাহায্য করব কীভাবে?
বাহরাইনে বসবাসকারী বাংলাদেশীদের সেখানকার স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধা প্রতিষ্ঠা ও অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যেও এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। শুধু না জানার কারণে সেখানে বসবাসকারী বাংলাদেশীরা অনেক আইন লঙ্ঘন করে থাকে।
প্রচারণা অনুষ্ঠানের প্রক্রিয়া যদিও এখনও প্রাথমিক পর্যায়ে, তারপরও কর্তৃপক্ষ আশা করছেন, এর মাধ্যমে বাহরাইনে অবস্থানরত বাংলাদেশীদের সম্পর্কে আরও জানার সুযোগ তৈরি হবে।
রাষ্ট্রদূত জানান, খোলা--দরজা নিয়মিতও অনুষ্ঠিত হতে পারে। এটি নির্ভর করছে বাহরাইন প্রবাসী বাংলাদেশীদের সাড়া পাওয়ার ওপর।
তিনি আরও বলেন, এটি কীভাবে কাজ করে, তা আমরা দেখতে চাই। এ ধরনের অনুষ্ঠান এবারই প্রথম এবং আমাদের চেষ্টা থাকবে ভবিষ্যতে এতে আরও বেশি লোকের সমাগম ঘটানোর।
রাষ্ট্রদূত যে খোলা--দরজা প্রক্রিয়া নিচ্ছেন, তাতে যে কোনও বাংলাদেশী তার কাছে আসতে পারবেন এবং যে কোনও আমলা তাদের আমলান্ত্রিকতা বাইরে এসে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এটি চলবে।
এদিকে রাষ্ট্রদূত ঘোষণা করেছেন, বিমানযাত্রা সংক্রান্ত ব্যাপারে এ সপ্তাহে বাংলাদেশ বাহরাইন সরকারের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।
সমঝোতা চুক্তি অনুযায়ী বাহরাইনের জাতীয় বিমান গালফ এয়ারের দুটির পরিবর্তে চারটি ফ্লাইট প্রতি সপ্তাহে ঢাকায় যাতায়াত করবে এবং ২০০৭ সালের গ্রীষ্মে এ সংখ্যা পাঁচটিতে উন্নীত হবে।
