জুনের মধ্যে সার্ক রোগ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে
চলতি বছরের জুনের মধ্যেই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) রোগ পর্যবেক্ষণ কেন্দ্র ও রোগের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্যে র্যাপিড ডেপ্লয়মেন্ট হেলথ রেসপন্স সিস্টেম স্থাপন করা হবে।
ঢাকায় বুধবার শেষ হওয়া তৃতীয় সার্ক স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
চলতি বছরের জুনে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সার্ক স্বাস্থ্যমন্ত্রীদের পরবর্তী বৈঠকে পর্যবেক্ষণ কেন্দ্র ও র্যাপিড ডেপ্লয়মেন্ট হেলথ রেসপন্স সিস্টেমের বিষয়টি চূড়ান্ত করা হবে।
চিকিৎসা বিষয়ক বিশেষজ্ঞ দক্ষতা ও ফার্মাসিউটিক্যালসের সহযোগিতার ওপর একটি কর্মকৌশল প্রস্তুত করতে সার্ক স্বাস্থ্যমন্ত্রীরা বৈঠকে নির্দেশ দেন। এছাড়া স্বাস্থ্য ও জনসংখ্যা কার্যক্রম সংক্রান্ত কারিগরি কমিটিকে মান ও প্রত্যায়ন কার্যাবলীয় মধ্যে সমন্বয় সাধন এবং সনাতন ও ক্রয়যোগ্য ওষুধ সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকায় দুই দিনের সম্মেলন শেষে এক যৌথ ঘোষণায় সার্ক স্বাস্থ্যমন্ত্রীরা যত দ্রুত সম্ভব পশু ও মানব স্বাস্থ্য সংক্রান্ত ইনফ্লুয়েঞ্জা প্রস্তুতি কৌশল প্রণয়ন করতে সদস্য দেশসমূহের স্বাস্থ্য ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ গ্র“পের বৈঠক আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, এইচআইভি/এইডসের ওপর আঞ্চলিক কৌশলের আওতায় ২০০৬--২০১০ সময়ের জন্যে পরিকল্পিত কর্মকৌশল বাস্তবায়নে সমন্বিত পদক্ষেপ নিতে আমরা সদস্য দেশের প্রতি আহ্বান জানাচ্ছি।
একটি ডিরেক্টরি মেডিসিনাল প্লান্ট প্রস্তুত করার ব্যাপারেও বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাতীয় ফোকাল পয়েন্ট স্থাপন, অন্ত্যআঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করতে কৌশলের সমন্বয় সাধন, স্বাস্থ্য খাতে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি ত্রৈমাসিক ভিত্তিতে পর্যবেক্ষণ এবং পর্যালোচনার জন্যে এক বার্ষিক অগ্রগতি প্রতিবেদন পেশ করতে স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠকে সুপারিশ করা হয়।
বৈঠকের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোশাররফ বলেন, সিদ্ধান্ত বাস্তবায়ন করতে উন্নয়ন অংশদার ও বিভিন্ন আন্তর্জাতিক তহবিলের কাছ থেকে সাহায্য--সহযোগিতা চাইতে সার্ক সচিবালয়কে কর্তৃত্ব প্রদান করা হয়েছে।
সম্মেলনে সার্কের কয়েকটি সদস্য দেশ স্বাস্থ্য খাতে বাংলাদেশের সাফল্যের অনুসরন করার আগ্রহ ব্যক্ত করেছেন বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।
তিনি বলেন, শিশু ও মায়ের মৃত্যুহার হ্রাস, স্যানিটেশন, নিরাপদ খাবার পানি এবং পরিবার পরিকল্পনার ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্যের প্রশংসা করেছেন। সার্কের অনেক সদস্য দেশ এসব ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে বলে মন্ত্রী জানান।
এর আগে সকালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বৈঠকের উদ্বোধন করেন এবং এইচআইভি/এইডসের ওপর ‘আঞ্চলিক কৌশল’ উন্মোচন করেন।
সার্কের মহাসচিব চেঙ্কায়েব দর্জি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও সার্ক বিষয়ক মহাপরিচালক মাসুদ বিন মোমেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
