শব্দ দুষণ নিয়ন্ত্রণ করতে কঠোর আইন প্রণয়নের আহ্বান
সারাদেশে বুধবার আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন পালন কালে পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা ক্রমবর্ধমান শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে কঠোর আইন প্রণয়নের পক্ষে মত দিয়েছেন।
বিশেষজ্ঞরা বুধবার রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বলেন, অসহ্য শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ প্রতিরোধ আইনের সংশোধন করতে প্রস্তাবিত বিধির খসড়া প্রস্তুত করার পর দু’বছর পেরিয়ে গেলেও তা এখনো চূড়ান্ত করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্র বুধবার বিডিনিউজকে জানায়, শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একটি কমিটি ২০০৪ সালের এপ্রিলে খসড়া বিধি প্রস্তুত করে। ওই বছরের জুন মাসে খসড়া বিধি প্রণয়নের কথা থাকলেও এখন পর্যন্ত তা চূড়ান্ত করা হয়নি।
সূত্র জানায়, খসড়া বিধি এখন প্রক্রিয়াধীন রয়েছে। সরকার এ ব্যাপারে খুব বেশি আন্তরিক না হওয়ায় শিগগিরই বিধি প্রণয়ন করার সম্ভাবনা নেই।
গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, সংশ্লিষ্ট আইনে বিশেষ বিধির অভাবের কারণে দেশের শব্দ দূষণের মাত্রা অনিয়ন্ত্রিত হারে বৃদ্ধি পাচ্ছে।
শব্দ দুষণ প্রতিরোধ সমন্বয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পরিবেশ স্বাস্থ্য কর্মসূচি যৌথভাবে ‘ শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিধির প্রয়োজনীয়তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকটির আয়োজন করে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাপা’র সহসভাপতি এএসএম শাহজাহান গোলটেবিল বৈঠকে বলেন, মেট্রোপলিটন শহরগুলোতে শব্দ দূষণ ঘটছে। প্রত্যন্ত অঞ্চলে শব্দ দূষণ ছড়িয়ে পড়ছে। এর ফলে হৃদরোগ, খুঁতখুঁতে স্বভাব ও মানাসিক চাপসহ বেশ কিছু সাঙ্ঘাতিক রোগ দেখা দিচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষক ড. আসিফ নজরুল বলেন, যানবাহন যে স্থানে ও যে সময় শব্দ তৈরি করে থাকে, তা ধারায় উল্লেখ করে বিদ্যমান বিধিতে সংশোধনী আনতে হবে।
আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্রের (আইসিসিডিআর,বি) সিনিয়র বিজ্ঞানী ড. এসকে রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ড. রশিদ ই মাহবুব, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপ উপাচার্য ড. এমআর কবীর, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশের (ডব্লিউবিবি) প্রোগ্রাম ম্যানেজার অমিত রঞ্জন দে এবং পরিবেশ অধিদপ্তরের উপ--পরিচালক বেলাল হোসেন।
