২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ডিজিএফআই সদস্য অপহরণ, সেনা - পুলিশের যৌথ অভিযানের ৯ ঘন্টার পর উদ্ধার

লালমনিরহাটে একজন ডিজিএফআই’ সদস্যকে সন্ত্রাসীরা অপহরণ করার পর সেনা ও পুলিশ বাহিনী যৌথ অভিযান চালিয়ে প্রায় ৯ ঘন্টা পর তাকে উদ্ধার করেছে। 

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 08:11 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ত্রাসীরা ডিজিএফআই’র করপোরাল ইউসুফ আলীকে অপহরণ করার পর ২০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। তবে মুক্তিপণ প্রদান ছাড়াই স্থানীয় একজন প্রকৌশলীর বাসা থেকে মঙ্গলবার রাতে তাকে উদ্ধার করা হয়। তবে অপহরণের মূল নায়ক ও সন্ত্রাসী মিলন (২৫) দলবলসহ গা ঢাকা দিয়েছে।

লালমনিরহাট সদর থানা ওসি আলতাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে বলেন, অভিযুক্ত সন্ত্রাসী মিলনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

জেলার হাড়িভাঙা এলাকায় মঙ্গলবার দুপুরে ডিজিএফআই’র করপোরাল ইউসুফ আলী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকার সঙ্গে কথা বলছিলেন। এসময় অভিযুক্ত সন্ত্রাসী মিলন দলবলসহ মটর সাইকেলে করে সেখানে এসে ওই শিক্ষিকার সঙ্গে ডিজিএফআই সদস্যের অবৈধ সম্পর্কের অভিযোগ তোলে। পরে তারা তাকে প্রকাশ্যে অপহরণ করে। মুক্তিপণ হিসেবে মিলন স্থানীয় একজন স্কুল শিক্ষকের কাছে মোবাইল টেলিফোনে ২০ হাজার টাকা দাবি করে।

খবর পেয়ে সেনা সদস্য  ও পুলিশ জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। মঙ্গলবার রাতেই শহরের নর্থ বেঙ্গল মোড় এলাকার প্রকৌশলী ফজলুল হকের বাড়ি থেকে করপোরাল ইউসুফ আলীকে উদ্ধার করা হয়।

পুলিশ ওই স্কুল শিক্ষিকা ও প্রকৌশলী ফজলুল হকের ভাই নাবিয়ার রহমানকে (৩২) এক দফা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়।