সরকারি গ্যাস কোম্পানির কূপ খননে জাতীয় প্রতিষ্ঠান বাপেক্স’র সাফল্য
তিতাস গ্যাস ক্ষেত্রে সফলভাবে দু’টি উন্নয়ন কূপ খননের পর বাপেক্স আরো চারটি কূপ খনন করতে যাচ্ছে কৈলাসটিলা ফিল্ডে। তবে সফলভাবে খনন কাজ করলেও বাপেক্সকে বাজার দামের তুলনায় তিন ভাগের একভাগ দামে এই কাজ করতে হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, প্রথমবারের মত দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগের বদলে জ্বালানি বিভাগের নির্দেশে তিতাস ফিল্ডে দু’টি উন্নয়ন কূপ খনন কাজ দেওয়া হয় বাপেক্সকে। এ জন্যে গত বছর বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেড (বিজিএফসিএল) এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।
কূপ খননের বাজার দর প্রতিটির জন্যে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৫ কোটি টাকা) হলেও দু’টি কূপ খননের জন্য বাপেক্সকে দেওয়া হয়েছে ২৫ কোটি টাকা। এর আগের কয়েক বছর বিজিএফসিএল ভারতীয় প্রতিষ্ঠানকে দিয়ে খনন কাজ করিয়েছে আন্তর্জাতিক বাজার দরে।
তিতাস-- ১৬ কূপের খনন কাজ ২০০৫ সালের ৩ আগস্ট শুরু হয়ে শেষ হয় একই বছরের ৩ নভেম্বর। ৩,৫৫৮ মিটার গভীরতায় এটি দেশের গভীরতম ডেভিয়েশন খনন। এই কূপ থেকে বর্তমানে প্রতিদিন ২৫ থেকে ২৬ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস উৎপাদন হচ্ছে।
তিতাস-- ১৫ কূপ খনন কাজ শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি। ৩,১৮৪ মিটার গভীরতার এই কূপের খনন কাজ সফলভাবে শেষ হয়েছে ৬ এপ্রিল। এটি এখন উৎপাদনের প্রক্রিয়ার অপেক্ষায়।
এর আগে বাপেক্স সফলভাবে নিজের জন্যে খনন করেছে শ্রীকাইল অনুসন্ধান এবং ফেঞ্চুগঞ্জ উন্নয়ন কূপ। ওয়ার্কওভার করেছে শাহবাজপুরের অনুসন্ধান কূপটি।
এই সাফল্যের জের ধরে সম্প্রতি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) এর কৈলাসটিলা ফিল্ডে দু’টি উন্নয়ন কূপ খনন এবং দু’টি ওয়ার্কওভারের জন্যে ৩৭ কোটি টাকায় চুক্তিবদ্ধ হয়েছে বাপেক্স।
বাপেক্স-- ১৬ এপ্রিল থেকে কৈলাসটিলা-- ৫ এর খনন এবং কৈলাসটিলা-- ৩ এর ওয়ার্কওভারের কাজ শুরু করেছে। এরপর শুরু হবে কৈলাসটিলা-- ৬ এর খনন এবং কৈলাসটিলা-- ৪ এর ওয়ার্কওভারের কাজ।
বাপেক্স দুটি রিগ ব্যবহার করছে এই কাজে। আশা করা হচ্ছে, চলতি বছরের মধ্যে এই কাজ শেষ হবে।
বাংলাদেশে গ্যাস খাত সংশ্লিষ্টরা বলছেন, বাপেক্সকে দিয়ে এই কাজ করানো একটি প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু এর জন্যে বাজার দর অনুসরণ করে সঠিক অর্থ বাপেক্সকে দেওয়া উচিত। এতে বাপেক্স’র কাজের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
বাপেক্স--এর ব্যবস্থাপনা পরিচালক এম জামালুদ্দীনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, একই সার্ভিস দিয়ে আমরা বাজার দামের চেয়ে কম পয়সা পাচ্ছি ঠিকই। তবে বাপেক্সকে দিয়ে অন্য কোম্পানির খনন কাজ করানো একটি শুভ উদ্যোগ। আশা করছি, আগামীতে আমরা সঠিক দাম পাবো।
