রূপগঞ্জে বোমা তৈরির বিপুল সরঞ্জামসহ ২ জঙ্গি আটক
র্যাব জঙ্গিদের একটি সম্ভাব্য বোমা হামলার নাশকতামূলক তৎপরতা ব্যর্থ করে দিয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় র্যাব সদস্যরা মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক বোমা তৈরির সরঞ্জামসহ দুজন সন্দেহভাজন জঙ্গিকে আটক করে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মাহবুব বিডিনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওত পেতে র্যাব সদস্যরা হাতেনাতে ওই সন্দেহভাজন জঙ্গিদের আটক করে।
অভিযানে নেতৃত্বদানকারি র্যাবের একজন কর্মকর্তা ঘটনাস্থল থেকে টেলিফোনে বিডিনিউজকে জানান, রূপঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় জঙ্গি সদস্যরা কোনো অবৈধ মালামাল হস্তান্তর করবে বলে র্যাব সদর দফতরের কাছে গোপন সূত্রের খবর ছিলো। এই খবরের ভিত্তিতে র্যাব সদর দফতর ও র্যাব-- ৩ এর সদস্যরা যৌথভাবে অভিযান চালায়।
আটককৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ৪৭টি ডিটেনেটর, দেড় কেজি বারুদ, নাইট্রো বেনজিন, সোডিয়াম নাইট্রেট, অসংখ্য তার, ব্যাটারি, ড্রিল মেশিন ইত্যাদি।
আটককৃতদের একজনের নাম আলী বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে অপরজনের নাম জানা যায়নি। এছাড়া এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতরা জেএমবি’র না অন্য কোনো জঙ্গি গ্রুপের সদস্য তা--ও জানা সম্ভব হয়নি।
ঘটনাস্থল থেকে র্যাবের একজন মুখপাত্র স্কোয়াড্রন লিডার ফজল বিডিনিউজকে জানান, আটককৃতদের এখনো জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পরই তাদের রাজনৈতিক পরিচয় জানা সম্ভব হবে।
