২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ও বিরোধী দলের মুখোমুখি সংলাপের ওপর গুরুত্বারোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

বাংলাদেশে সরকার এবং বিরোধীদল সংঘাতের পরিবর্তে সংলাপের মধ্য দিয়ে নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে আনবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র আশাবাদ ব্যাক্ত করেছে। অন্যদিকে আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা বাংলাদেশের জন্যে একটি বিরাট চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন ব্রিটিশ রাষ্ট্রদূত। উভয় পক্ষ থেকেই সলা হয়েছে সংকট নিরসনে মুখোমুখি সংলাপে বসতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

ঢাকায় সোমবার মার্কিন দুতাবাস ও ব্রিটিশ দূতাবাসের পক্ষ থেকে পৃথক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া এ বুটেনিস নগরীর অ্যামেরিকান ক্লাবে আয়োজিত তার প্রথম সংবাদ সম্মেলনে আসন্ন নির্বাচনে প্রত্যেকটি পদক্ষেপে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি বলেন ‘আমরা চেষ্টা করছি প্রত্যেকটি পদক্ষেপ হবে সহিংসতা প্রতিরোধ এবং নিরপেক্ষতা নিশ্চিত করার পক্ষে এবং সিধান্তগুলো হবে সুসংগঠিত, অহিংস ও শান্তিপূর্ণ’।

সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে করা প্রশ্নের সতর্ক প্রতিউত্তরে মার্কিন রাষ্ট্রদূত তার দায়িত্ব পালনকালে, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং নির্বাচনের বিষয়কে বড় ধরনের চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন।

বুটেনিস বলেন, যুক্তরাষ্ট্র এবং অধিকাংশ বাংলাদেশী চায় রাজনৈতিক সংঘাত ও সন্ত্রাসমুক্ত একটি দেশ এবং শক্তিশালী গণতন্ত্র, যার মাধ্যমে অহিংস পদ্ধতিতে যে কোনও সংকট নিরসন সম্ভব হবে। তারা চায় সম্পদের বৃদ্ধি, যা দরিদ্র জনগোষ্ঠির উন্নয়ন ঘটাবে এবং দূর্নীতি নিমূল, যা তাদের উন্নয়নের গতিকে তরান্বিত করবে।

জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি)’র শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেপ্তারের বিষয়কে তিনি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। জেএমবি ও এর উগ্রকার্যক্রমে সহায়তাকারী এবং এ ঘটনায় জড়িত দায়িত্বশীল সকলকে চিহিৃত করতে, আরো কাজের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

চলমান তদন্তে যদি জেএমবি’র সাথে কোন রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, এমন প্রসঙ্গ উত্থাপন করা হলে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র একই অবস্থানে থাকবে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাস প্রতিরোধ এবং প্রাথমিক তদন্ত কাজের দক্ষতা বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশী আইন শৃংখলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে বুটেনিস বলেন, দুই দেশের মধ্যে চলমান ‘আইন শৃংখলা রক্ষা সহায়তা কর্মসূচী’র আরও বাড়াতে করতে তিনি কাজ করবেন।

নির্বাচনের বিষয়ে মত ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, দেশের ইতিহাসে এবারের নির্বাচনই সবচেযৈ বেশি গুরুত্বের সাথে পযৃবেক্ষণ করা হবে।

বাংলাদেশের সরকার পরিবর্তনে তিনি কোন চাপ প্রদান করবেন কিনা, প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি তারা সরকারের পরিবর্তন চায়, তবে বাংলাদেশের জনগণই এ বিষয়ে সিধান্ত নেবে। ‘ এটা আমার কোন সিধান্ত না’।

“দেশের প্রধান দুইটি রাজনৈতিক দল সমস্যার সমাধানে ব্যর্থ হলে, তৃতীয় শক্তি নেতৃত্বে আসবে’ তার পূর্বসুরী হ্যারি কে টমাসের দেওয়া মন্তব্যের বিষয়ে একজন সাংবাদিক জানতে চাইলে বুটেনিস বলেন, ‘এটা একটা চীরন্তন বিষয়’।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বন্দি বিণিময় চুক্তি বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্তব্য করার মত পদে তিনি নেই। ‘এটা কোন বর্তমান ইস্যু না’ উল্লেখ করে বাংলাদেশের সাথে তার দেশের সুস্পর্ক রয়েছে বলে তিনি পুনরায় উল্লেখ করেন।

বাংলাদেশ থেকে ফেরত পাঠানো বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক সাদিকীর মত একইভাবে, যুক্তরাষ্ট্রে অবস্থানকৃত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদেরও দেশে ফেরত পাঠানো হবে কিনা প্রশ্ন করা হলে, বুটেনিস এ বিষয়ে তার অজ্ঞতা প্রকাশ করে বলেন, এ বিষয়ে তার জানা নেই।

তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোন কিছুই জানি না। আমরা পরে এ বিষয়ে উত্তর দেবো।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ঢাকায় তার কোন কার্যালয় খুলবে কিনা প্রশ্নের জবাবে, তিনি নেতিবাচক উত্তর দেন।

অ্যামেরিকান সেন্টার পরিচালক জোনাথন সিবরা এবং কর্মকর্তা এএ আহম্মেদ আলী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক’ শীর্ষক মিট দ্য রিপোর্টার্স কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে আনোয়ার চৌধুরী বলেন, আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন না করতে পারলে বাংলাদেশকে আরো একটি দশক পিছিয়ে যেতে হবে।

বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন বাংলাদেশ এবং যুক্তরাজ্যসহ অন্যান্যদের জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের জন্যেও সন্ত্রাসবাদ জাতীয় সঙ্কটে পরিণত হয়েছে। বিভিন্ন দিক থেকে বাংলাদেশকে সতর্ক করে দেওয়ার পরও সরকার খুব দেরিতে সন্ত্রাসবাদ নির্মূলের পদক্ষেপ নিয়েছে।

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ হাইকমিশনার এছাড়াও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র ও পররাষ্ট্রনীতি, সন্ত্রাসবাদ নির্মূল, উগ্রবাদের উত্থান এবং দুর্নীতি ও সুশাসনসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।

তিনি আরো বলেন, প্রায় পাঁচ লাখ বাংলাদেশী যুক্তরাজ্যে বসবাস করছে, তাদের অনেকেই সেখানে ভালো করছে। তিনি যুক্তরাজ্যে অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের ব্যাপারেও আলোকপাত করেন।

কর্মসূচিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম শফিকুল করিম ও সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বর্তমান রাজনৈতিক সঙ্কট সম্পর্কে তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি’র মতো বড় দলগুলোকে তুচ্ছাতিতুচ্ছ মতপার্থক্যের জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে কী ঘটেছিল এবং ১৯৭১ এর পর কী ঘটেছে তার মধ্যে যেভাবেই হোক একটা সীমারেখা টানতে হবে।

বাংলাদেশে রাজনীতিতে বর্তমানে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে সহযোগিতা করতে ব্রিটিশ সরকার এগিয়ে আসবে কি না এ ব্যাপারে জানতে চাইলে হাইকমিশনার বলেন, আপনাদের প্রয়োজনে সহযোগিতা দিতে আমরা সবসময়ই এখানে আছি।

আনোয়ার চৌধুরী বলেন, অচলাবস্থা নিরসনে লেখালেখির চেয়ে সরাসরি আলোচনা অধিক কার্যকরী হবে।

বাংলাদেশ একটি মধ্যপন্থী অবস্থা থেকে নিজেকে একটি উগ্রপন্থী অবস্থায় আবিষ্কার করে। এটা বাংলাদেশের জন্যে লজ্জার ব্যাপার বলে তিনি উল্লেখ করেন।

সরকার এ ব্যাপারে দেরিতে সাড়া দিলেও তারা এ পর্যন্ত যা করেছে তা অনস্বীকার্য।

তিনি বলেন, দুর্নীতি বাংলাদেশের জন্যে আরো একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ যদি ভিয়েতনাম, মালয়েশিয়া এবং অন্যান্য উন্নয়নশীল দেশের মতো উন্নতি করতে চায় তাহলে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে।

সরকার সন্ত্রাসবাদ দমনে যে ধরনের পদক্ষেপ নিয়েছে সে ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।

অপর এক প্রশ্নের জবাবে চৌধুরী বলেন, তহবিলের সঠিক ব্যবহার ও বন্টন নিশ্চিত করতে যুক্তরাজ্য এরই মধ্যে সরকারের পরিবর্তে বেসরকারি সংস্থাগুলোকে সাহায্যের পরিমাণ বাড়িয়ে দিয়েছে।

বর্তমানে বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগের পরিমাণ চার বিলিয়ন মার্কিন ডলার। অতিরিক্ত আরো দুই বিলিয়ন ডলার প্রক্রিয়াধীন আছে। এছাড়া দুদেশের মধ্যকার বাণিজ্যও উল্লেখ্যযোগ্য হারেই বাংলাদেশের অনুকূলে আছে বলে তিনি জানান।