২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বায়োসেফটি কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ

নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার জাতীয় বায়োসেফটি কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয় আয়োজিত জাতীয় বায়োসেফটি কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রোববার পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম এমপি এ কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 05:15 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

মন্ত্রী জীবন ও পরিবেশের জন্য নিরাপদ জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির উদ্ভাবন এবং ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে উদ্ভাবিত প্রযুক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি দেশের বায়োটেকনোলজি বিশেষজ্ঞদের এ ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা পালনে এগিয়ে আসার আহবান জানান।

মন্ত্রী বলেন, প্রতিকূল পরিবেশে উৎপাদন উপযোগী জিএম শস্য ইতোমধ্যে উদ্ভাবিত হয়েছে। জিএম শস্য ব্যবহার করে কৃষি অনুপযোগী জমিকে উৎপাদনক্ষম করা সম্ভব। এ শস্য আমাদের পুষ্টি সমস্যারও সমাধান দিতে পারে। কিন্তু জিএম শস্য আমাদের জীবন ও পরিবেশের জন্য নিরাপদ কি না সে বিষয়ে সঠিকভাবে জানতে হবে।

তিনি আরো বলেন, আধুনিক জীব প্রযুক্তিকে অবশ্যই আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে চাই এবং এ জন্য একটি সুষ্ঠু নীতিমালার ভিত্তিতে অগ্রসর হতে হবে। বায়োসেফটি বিষয়ে গবেষণা, উন্নয়ন, জিএমও এর নিরাপদ সংরক্ষণ, চলাচল হস্তান্তর ও ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যকর আইনগত কাঠামোর মধ্যে পরিচালনার লক্ষ্যে জাতীয় বায়োসেফটি কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। বিশেষজ্ঞদের মতামত ও সুপারিশের ভিত্তিতেই কর্মপরিকল্পনাটি প্রণীত হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ চৌধুরী এবং বায়োসেফটি ফ্রেমওয়ার্ক বিষয়ক প্রকল্পের পরিচালক মাহমুদ হাসান খান বক্তব্য রাখেন।

জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।