রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হামলায় ৩ ছাত্রদল কর্মী আহত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাছ থেকে লিচু পাড়ার ঘটনাকে কেন্দ্র করে, শুক্রবার সন্ধ্যায় শিবির ক্যাডারদের হামলায় তিন ছাত্রদল কর্মী গুরুতর আহত হয়েছে।
আহত ছাত্রদল কর্মীদের আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পাসের বঙ্গবন্ধু হলের গাছ থেকে ছাত্রদল কর্মী রাসেল কিছু লিচু পাড়ে। এসময় লিচু পাড়ার অপরাধে হলের শিবির নেতা-কর্মীরা ছত্রদল কর্মী রাসেলকে পেটাতে থাকে। শামীম ও রাতুল নামে দুই ছাত্রদল কর্মী রাসেলকে উদ্ধারে এগিয়ে আসলে, হল শাখা শিবির সাধারণ সম্পাদক শাহনেওয়াজের নেতৃত্বে শিবির ক্যাডাররা তাদেরকেও লোহার রড ও হাতুড়ি দিয়ে বেঢড়ক পিটিয়ে গুরুতর আহত করে।
ঘটনার পর ক্যাম্পাসে শিবির ও ছাত্রদল কর্মীদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত দায়ী শিবির ক্যাডারদের বিচার ও গ্রেপ্তার দাবীতে ছাত্রদল কর্মীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করছে।
উদ্ভূত পরিস্থিতিতে উভয় সংগঠনের মধ্যে বড় ধরনের সংঘর্ষ এড়াতে, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
