মেহেরপুরের চরমপন্থি দলের আঞ্চলিক কমান্ডার র্যাবের এনকাউন্টারে নিহত
মেহেরপুরের গাংনী উপজেলার চান্দামাড়ি-বেড় গ্রামের মাঠে বুধবার ভোরে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সাথে ক্রসফায়ারে পূর্ব বাংলার আঞ্চলিক কামান্ডার নিহত হয়েছে।
নিহতের নাম জহিরুল ইসলাম ওরফে টিটু (২৭)। সে চুয়াডাঙ্গার আলমনগর উপজেলার বামানগর গ্রামের মৃত মিনারুলের পুত্র।
র্যাব জানায়, র্যাবের একটি দল মঙ্গলবার সন্ধ্যায় গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে চরমপন্থি কমান্ডারকে গ্রেফতার করে।
টিটুর স্বীকারোক্তি অনুযায়ী তার সহযোগীদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারের জন্য র্যাব সদস্যরা তাকে নিয়ে বুধবার ভোরে চান্দামাড়ি-বেড় গ্রাম এলাকায় অভিযানে যায়।
র্যাব সদস্যরা চান্দামাড়ি বের গ্রামের মধ্যবর্তী স্থানে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা টিটুর সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই টিটু নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি বন্দুক এবং চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, টিটুর বিরুদ্ধে চারটি হত্যা মামলা রয়েছে।
